ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত সফরে প্রথম জয় পেয়েছে টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। একমাত্র টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে সফরকারীরা। তখনো হাতে ছিল ৮ বল।
এ জয়ের ফলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ডের অবস্থান আরো দৃঢ় হল।
কলকাতার ইডেন গার্ডেনে শনিবার ভারত টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২০ রান করে। জবাবে কেভিন পিটারসেনের অর্ধশতকের সুবাদে ১৮ ওভার ৪ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে দলকে সূচনা এনে দেন আলেক্স হ্যালেস (১১) ও ক্রেগ কিসওয়েটার (১২)। ৪০ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিদায় নিলে পিটারসেন ও সমিত প্যাটেল দলকে জয়ের পথে নিয়ে আসেন।
তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৬০ রান। ঠিক ১০০ রানে সামিত (২১) ও ১০৬ রানে পিটারসেন (৫৩) বিদায় নিলেও ততক্ষণে জয়ের খুব কাছে চলে যায় গ্রায়েম সোয়ানের দল।
পিটারসেন তার ৩৯ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ৩টি ছয় দিয়ে।
ভারতের পক্ষে চারজন বোলার একটি করে উইকেট নেন।
এর আগে ২৬ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে দলকে লড়াই করার পুঁজি এনে দেন সুরেশ রায়না (৩৯) ও মহেন্দ্র সিং ধোনি (২১)। এছাড়া রবীচন্দ্রন অশ্বিন অপরাজিত থাকেন ১৭ রানে।
ইংল্যান্ডের পক্ষে স্টিভেন ফিন ৩ উইকেট নেন ২২ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৩৭ ঘ.
bdnews24