২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচেও ভারতের জয়

পঞ্চম ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৯৫ রানে হারিয়েছে ভারত। সুবাদে পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জিতে নিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চম ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৯৫ রানে হারিয়েছে ভারত। সুবাদে পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জিতে নিয়েছে তারা। কলকাতার ইডেন গার্ডেনে মঙ্গলবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অপরাজিত অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ২৭১ রান করে ভারত। জবাবে ক্রেইগ কিসওয়েটার ও অধিনায়ক অ্যালিস্টার কুকের অর্ধশতকের পরও ৩৭ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন কুক ও কিসওয়েটার। তাদের উদ্বোধনী জুটি ১২৯ রানের শক্ত ভিত গড়ে দিলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন ইংল্যান্ডের পরের ব্যাটসম্যানরা। কুকের (৬০) বিদায় দিয়ে অতিথিদের বিপর্যয়ের শুরু। এর পর ১২ রান যোগ করতেই কিসওয়েটার (৬৩), জোনাথন ট্রট (৫), ইয়ান বেল (২)ও জনি ব্যারিস্টো (২) অনুসরণ করেন তাকে। কুক তার ৬১ বলের ইনিংসটি সাজান ৮টি চার দিয়ে। অন্যদিকে কিসওয়েটারের ৬৪ বলের ইনিংসে ৯টি চার ও একটি ছক্কা। ১৪১ রানে ৫ উইকেট হারানোর ধাক্কা সামলে অতিথিরা আর ম্যাচে ফিরতে পারেনি। ভারতের সেরা বোলার রবীন্দ্র জাদেজা ৪ উইকেট নেন ৩৩ রানে । রবিচন্দ্রন অশ্বিনের ৩ উইকেটের পেছনে খরচ ২৮ রান । এর আগে আজিঙ্কা রাহানে ও গৌতম গম্ভীর ভারতকে ভালো সূচনা এনে দেন। কিন্তু দলীয় ৮০ রানে স্টিভেন ফিনের বলে গম্ভীর (৩৮) বোল্ড হয়ে গেলে অস্বস্তিতে পড়ে যায় স্বাগতিকরা। ওই রানেই টিম ব্রেসনানের বলে উইকেটরক্ষক কিসওয়েটারের হাতে ধরা পড়েন রাহানে (৪২)। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের পর সেই ৮০ রানেই তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন বিরাট কোহলি (০)। সেখান থেকে ভারতকে টেনে তোলেন অধিনায়ক ধোনি। শেষ পর্যন্ত ৭৫ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৬৯ বলের ইনিংসটি সাজানো ৩টি চার ও ৪টি ছক্কায়। তার আগে চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন মনোজ তিওয়ারি ও সুরেশ রায়না। ৪৩ রানের জুটি গড়ে তিওয়ারি (২৪) বিদায় নিলে রায়নার সঙ্গে জুটি বাঁধেন ধোনি। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৩৯ রান। রান আউট হওয়ার আগে ৪৬ বলে ৫টি চারের সাহায্যে ৩৮ রান করেন রায়না। এরপর ষষ্ঠ উইকেটে জাদেজার (২১) সঙ্গে ৪৪ ও অষ্টম উইকেটে প্রাভিন কুমারের (১৬) সঙ্গেও ৪৪ রানের দুটি কার্যকর জুটি গড়েন ধোনি। ইংল্যান্ডের পক্ষে সমিত প্যাটেল ৩ উইকেট নেন ৫৭ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১৬ঘ.