২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিকতা ধরে রাখতে চান মুশফিক

চট্টগ্রাম টেস্টে দলের খেলা নিয়ে সন্তুষ্ট মুশফিকুর রহিম। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান বাংলাদেশের অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম টেস্টে দলের খেলা নিয়ে সন্তুষ্ট মুশফিকুর রহিম। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান বাংলাদেশের অধিনায়ক। মঙ্গলবার খেলা শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ঢাকা টেস্ট ওয়েস্ট ইন্ডিজের জন্য বাঁচা-মরার ম্যাচ। আশা করি ঢাকাতেও আমাদের দলের ব্যাটসম্যানরা ভালো খেলবেন।" "ঢাকায় এই ম্যাচের চেয়ে খারাপ খেলার সুযোগ নেই আমাদের," যোগ করেন তিনি। নি®প্রাণ ড্র হলেও এই ম্যাচে ব্যাটিং-বোলিং দুটো থেকেই বাংলাদেশের অনেক প্রাপ্তি বলে মনে করেন মুশফিক। বাংলাদেশের অধিনায়ক বলেন, "টেস্টের প্রথম দিনে আমরা খুব ভালো ব্যাট করেছি। প্রথম ইনিংসে প্রায় সব ব্যাটসম্যান রান পেয়েছেন।" "মঙ্গলবার সকালে আমরা আক্রমণাত্মক বোলিং করেছি। কিন্তু বৃষ্টির কারণে দুদিন খেলা নষ্ট হওয়ায় আমরা হতাশ," যোগ করেন তিনি। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২০০ থেকে ২২০ রানের মধ্যে বেধে ফেলতে চেয়েছিলেন মুশফিক। তা করতে পারলে দ্রুত দ্বিতীয় ইনিংস ঘোষণা করার পরিকল্পনা ছিল তার। কিন্তু ড্যারেন স্যামির অর্ধশতকের সুবাদে ২৪৪ রান করে সফরকারীরা। তারপরও সাহসী সিদ্ধান্ত নেন মুশফিক। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসই ঘোষণা করেন তিনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ আরো দ্রুত রান তুলে আরেকটু আগে ইনিংস ঘোষণা করতে পারত কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমাদের দলটা তেমন অভিজ্ঞ নয়। দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করা আমাদের জন্য বেশ কঠিন হয়ে পড়তো। দ্বিতীয় ইনিংসের শুরুতে তিন-চারটা উইকেট পরে গেলে উল্টো আমরাই বিপদে পড়ে যেতাম। তাই ভাল ব্যাটিং করে কিছু রান জমা করতে চেয়েছি।" টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে ৩৭ ওভারে ২২৬ রান তেমন কঠিন লক্ষ্য হওয়ার কথা নয়। তবে এই পিচে এই রানকেই যথেষ্ট বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, "এই উইকেটে স্পিন খেলা খুব কঠিন। আর আমাদের দলে বিশ্বমানের স্পিনারও আছেন।" ম্যাচ সেরা ইলিয়াস সানির বোলিং নিয়ে উচ্ছ্বসিত মুশফিক। তার বিশ্বাস, সানির পক্ষে আরো ভালো বল করা সম্ভব। প্রথম টেস্ট তেমন ভালো না কাটলেও এই ম্যাচ থেকে পরের ম্যাচে ভালো করার রসদ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি বলেন, "বাংলাদেশের স্পিনের বিপক্ষে আমাদের আরো ধৈর্য্য ধরতে হবে। সানি একটু ধীরগতির হলেও তার টার্ন ভালো। আর সাকিব আল হাসান বল করেন উইকেট সোজা।" বাংলাদেশের প্রশংসা করলেও ঢাকায় ভিন্ন কিছু হবে বলেই মনে করেন স্যামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএনএম/এএআর/২১১১ঘ.