ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আব্দুর রাজ্জাকের জায়গায় টেস্ট দলে সুযোগ পাওয়াকে 'বিশাল চাপ' হিসেবে দেখছিলেন ইলিয়াস সানি। যদিও চাপ জয় করে ভালো খেলার আত্মবিশ্বাসও ছিলো তার। ৭ উইকেট নিয়ে অভিষেক টেস্টকে স্মরণীয় করে রাখা সানি জানিয়েছেন, জাতীয় দলের প্রতিনিধিত্ব দারুণ উপভোগ করছেন তিনি।
ম্যাচ সেরার পুরস্কার নেয়ার সময় তিনি বলেন, "সময়টা উপভোগ করছি।"
প্রথম ইনিংসে ৯৪ রানে ৬ উইকেট নেয়া সানি দ্বিতীয় ইনিংসে ৩৪ রানে নিয়েছেন একটি উইকেট।
বাংলাদেশের হয়ে অভিষেক টেস্টে শুধু মঞ্জুরুল ইসলামই (৬/৮১) তার চেয়ে ভালো বল করতে পেরেছেন।
এই সাফল্যের রহস্যের কথা জানতে চাইলে সানি বলেন, "সঠিক লাইন-লেন্থে বল করার জন্যই সাফল্য পেয়েছি।"
সানির মধ্যে বাংলাদেশের স্পিন আক্রমণের ভবিষ্যত দেখতে পেয়েছেন স্টুয়ার্ট ল। বিসিবি কাপে তার খেলা দেখে মুগ্ধ হন বাংলাদেশের কোচ। ওই টুর্নামেন্টে ৭ উইকেট নেন সানি।
বছর খানেক ধরেই ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলছেন সানি। তবে বাংলাদেশের প্রাথমিক দলে কয়েক বার জায়গা হলেও মূল দলে আসতে পারছিলেন না কিছুতেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও থাকার সৌভাগ্য হয়নি।
ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগে খেলছিলেন ঢাকা মেট্রোর হয়ে। রাজশাহীর বিপক্ষে ঢাকা মেট্রোর প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন। তবে ম্যাচের মাঝপথেই টেস্ট দলে সুযোগ পাওয়ায় রাজশাহী থেকে চলে আসেন ঢাকায়। তারপর চট্টগ্রামে জাতীয় দলের সঙ্গে যোগ দেন।
টেস্ট দলে সুযোগ পাওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পুরো ম্যাচ খেলে যেতে পারলে ভালো হতো। নিজের সেরা ছন্দে ফিরতে এই ম্যাচের পুরোটা খেলা ভীষণ দরকার ছিলো।"
সোমবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলাশেষে সংবাদ সম্মেলনেও জানান, "নিজের খেলাটা খেলতে পারিনি।"
নিজের খেলা নিয়ে অসন্তুষ্টি থাকলেও শেষ পর্যন্ত সেই ইলিয়াস সানির মাথায়ই ম্যাচ সেরার মুকুট!
২০০৩/০৪ মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক। এখন পর্যন্ত ৫৭টি ম্যাচ খেলে ২৪.৭৬ গড়ে নিয়েছেন ২১০ উইকেট। সেরা বোলিং ৭/৭৯। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন একবার আর ইনিংসে ৫ উইকেট ১০ বার।
নিজেকে বোলার ভাবলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনটি শতক ও আটটি অর্ধশতক আছে সানির। ২৪.২১ গড়ে করেছেন ১৯১৩ রান। সর্বোচ্চ ১৭৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৩ঘ.
bdnews24