ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাত্র ১১৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম তা গ্রহণ করেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে চট্টগ্রাম টেস্টের পরিণতি নিষ্প্রাণ ড্র।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম দিনের শেষ সেশনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ২২৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। এ জন্য সফরকারীরা পেয়েছিল ৩৭ ওভার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ২২ ওভারে ২ উইকেটে ১০০ রান করার পর ড্র মেনে নেন দুই অধিনায়ক।
দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় ফলাফলের জন্য সাহসী সিদ্ধান্ত নেয়া প্রয়োজন ছিল। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর তা নিয়েছিলেনও। কিন্তু ততক্ষণে একটু দেরিই হয়ে গেছে। যদিও এর জন্য দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শ্লথ ব্যাটিংকে কিছুটা দোষ দেয়া যায়।
৫ উইকেটে ১৪৪ রান নিয়ে মঙ্গলবার পঞ্চম দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দ্রুতই তাদের বাকি পাঁচটি উইকেট তুলে নেন বাংলাদেশের বোলারা। স্কোর বোর্ডে জমা হয় আরো ১০০ রান।
দিনের তৃতীয় ওভারেই আঘাত হানেন সানি। শর্ট কাভারে রকিবুল হাসানের হাতে ধরা পড়ে মাঠ ছাড়েন মারলন স্যামুয়েলস (২৪)।
সপ্তম উইকেটে কার্লটন বাফ ও ড্যারেন স্যামি ৭ ওভার স্থায়ী জুটিতে যোগ করেন ৬০ রান। বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে ওঠা এই জুটিও ভাঙ্গেন সানি। সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন বাফ (৩০)। তার ৩২ বলের ইনিংসে ৫টি চার রয়েছে।
সেখান থেকে দলকে একাই টেনেছেন অধিনায়ক স্যামি। দলের পক্ষে একমাত্র অর্ধশতক পাওয়া স্যামি অবশ্য ২৮ রানে সাকিব আল হাসানের বলে তামিম ইকবালের হাতে একবার জীবন পান। শেষ পর্যন্ত ওই সাকিবই বোল্ড করে থামান তাকে।
তবে ততক্ষণে একদিনের মেজাজে খেলে ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৫৮ রান করেন তিনি। এটি তার প্রথম অর্ধশতক। নবম ব্যাটসম্যান হিসেবে স্যামির বিদায়ের তিন বল পরেই দেবেন্দ্র বিশুকেও বোল্ড করে সফরকারীদের ইনিংস থামিয়ে দেন সাকিব।
বাংলাদেশের পক্ষে সানি ৬ উইকেট নেন ৯৪ রানে। সাকিব ৫৩ রানে নেন ৩ উইকেট।
অভিষেকে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ছয় উইকেট পেলেন সানি। এর আগে ২০০১ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে মঞ্জুরুল ইসলাম (৮১/৬) ও ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্টে নাঈমুর রহমান দুর্জয় ভারতের বিপক্ষে (১৩২/৬) ৬ উইকেট নেন।
১০৬ রানে এগিয়ে থেকে দিনের প্রথম পানি পানের বিরতির কিছুক্ষণ পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট করে চা-বিরতি পর্যন্ত। এর মধ্যে শাহরিয়ার নাফীসের ৫০ (৯১ বলে) ও তামিম ইকবালের ৩৭ (৭৫ বলে) রানের সুবাদে ১১৯ রান তোলার পরই ইনিংস ঘোষণা করার সাহসী সিদ্ধান্ত নেনে মুশফিক।
২২৬ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েইটকে (০) দ্বিতীয় ইনিংসের চতুর্থ বলেই এলবিডব্লিউ'র ফাঁদে ফেলে বাংলাদেশকে স্বপ্ন দেখান অভিষেকেই দারুণ খেলা স্পিনার ইলিয়াস সানি। এটি ম্যাচে সানির সপ্তম উইকেট। কিন্তু ওই চাপ বেশিক্ষণ বজায় রাখতে পারেনি বাংলাদেশ। লেন্ডল সিমন্স (৪৪) ও কার্ক এডওয়ার্ডস (২৮) প্রাথমিক ধাক্কা সামলে ওয়েস্ট ইন্ডিজকে ভালো অবস্থানে নিয়ে যান।
দলীয় ৫৮ রানে সাকিবের বলে স্লগ সুইপ করতে গিয়ে মিডঅনে রুবেল হোসেনের হাতে ধরা পড়েন সিমন্স।
শেষ পর্যন্ত কার্ক ২৮ ও ড্যারেন ব্র্যাভো ২৪ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ ৯ উইকেটে ৩৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিলো।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকায় ২৯ অক্টোবর থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭১১ ঘ.
bdnews24