ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জহুরুল ইসলামের নেতৃত্বে প্রায় এক মাসের সফরে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ 'এ' দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে সুযোগ পাওয়া রকিবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন ও সোহরাওয়ার্দী শুভ।
ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "এদের মধ্যে যারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলবেন না তারা 'এ' দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যাবেন। আর যারা খেলবেন তারা টেস্ট শেষ হওয়ার পর 'এ' দলের সঙ্গে যোগ দেবেন।"
'এ' দলের ২৯ অক্টোবর ঢাকা ছাড়ার কথা।
ডাক পাওয়া খেলোয়াড়দের ২৯ অক্টোবর সকাল সাড়ে আটটায় দলের ম্যানেজার মুজিবুল হকের কাছে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে রিপোর্ট করতে বলা হয়েছে।
টেস্ট দল থেকে বাদ পড়া জুনায়েদ সিদ্দিক ও রবিউল ইসলাম এই দলে জায়গা পেয়েছেন।
এই সফরে দুটি চার দিনের ম্যাচ, দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে 'এ' দল।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ৫ নভেম্বর থেকে প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে। সেন্ট লুসিয়ার বোশেজো স্টেডিয়ামে ১২ নভেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ম্যাচ।
একই স্টেডিয়ামে ১৮ ও ১৯ নভেম্বর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে 'এ' দল।
২৩, ২৫ ও ২৭ নভেম্বর তিনটি ওয়ানডেই হবে সেন্ট ভিনসেন্টের অ্যারনস ভ্যালে স্টেডিয়ামে।
বাংলাদেশ 'এ' দল: জহুরুল ইসলাম (অধিনায়ক), মোহাম্মদ মিথুন (সহ-অধিনায়ক), জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, রবিউল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, নাসিরুদ্দিন ফারুক, কামরুল ইসলাম রাব্বি, মুমিনুল হক, নূর হোসেন মুন্না, সোহাগ গাজী ও আলাউদ্দিন বাবু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৬৫৬ঘ.
bdnews24