ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অভিষেক টেস্টেই বল হাতে ইলিয়াস সানির দুর্দান্ত নৈপুণ্য। এই বাঁহাতি স্পিনার ৪ উইকেট নেয়ায় চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনটি ভালোই কেটেছে বাংলাদেশের। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৪৪/৫।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফলোঅন এড়াতে এখনো সফরকারীদের দরকার ৭ রান। বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে আছে ২০৬ রানে।
মারলন স্যামুয়েলস ১৭ ও কার্লটন বাফ ৬ রান নিয়ে ব্যাট করছেন।
সানি আক্রমণে আসার আগেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শাহাদাত হোসেন। ওয়ানডে সিরিজে একটি করে শতক ও অর্ধশতক করা লেন্ডল সিমন্সকে (৭) ইনিংসের তৃতীয় ওভারেই ফিরিয়ে দেন তিনি। গালিতে দারুণ এক ক্যাচ ধরেন রকিবুল হাসান। অতিথিদের রান তখন ১৯।
একাদশ ওভারে প্রথম বল করতে আসেন সানি। উইকেট পেতে পারতেন নিজের দ্বিতীয় বলেই। কিন্তু শাহাদাত কার্ক এডওয়ার্ডসের ক্যাচ ছেড়ে দেয়ায় হতাশ হতে হয় তাকে। দুই ওভার পর আবার সানির জন্য হতাশা। এবার কার্কের ক্যাচ ফেলে দেন মুশফিকুর রহিম।
তারপরও ওই কার্ককেই এলবিডব্লিউ করে প্রথম টেস্ট উইকেটের আনন্দে ভেসে যান সানি। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহে ৮ রান যোগ হওয়ার পর ড্যারেন ব্রাভোকে (২) সিলি মিড অনে শাহরিয়ার নাফীসের ক্যাচে পরিণত তিনি।
৫২ রানে তৃতীয় উইকেট হারিয়ে অতিথিরা তখন বেশ অস্বস্তিতে। শিবনারায়ন চন্দরপল ও ক্রেইগ ব্র্যাথওয়েইটের ৬২ রানের চতুর্থ উইকেট জুটি একটু, একটু করে যখন স্বস্তি ফিরিয়ে আনছে ঠিক তখনই আবার সানির আঘাত। শর্ট লেগে ইমরুল কায়েসকে ক্যাচ দেয়ার আগে ৩৩ রান করেন ব্র্যাথওয়েইট।
শেষ বিকেলে বাংলাদেশকে আরো একবার উচ্ছ্বাসে ভাসিয়ে দেন সানি। তার ঘূর্ণিতে বিভ্রান্ত ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান চন্দরপলের ক্যাচটি ধরেন নাফীস। চন্দরপলের ৭২ বলে ৪৯ রানের ইনিংসে ৩টি চার ও দুটি ছক্কা। দুটো ছক্কাই ছিলো সানির বলে। প্রতিশোধটা তাই ভালোভাবেই নিয়েছেন ৫৬ রানে ৪ উইকেট নেয়া সানি।
নাইজেল লং বাংলাদেশকে ৫ রান পেনাল্টি না করলে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা আরো খারাপ হতে পারতো। শুক্রবার ম্যাচের প্রথম দিন তামিম ইকবাল এবং সোমবার নাসির হোসেন ব্যাট করার সময় পিচের মাঝখান দিয়ে দৌড়ানোয় এই শাস্তি দিয়েছেন ইংল্যান্ডের আম্পায়ার লং।
এর আগে ৯ উইকেটে ৩৫০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ৫ উইকেট হারিয়ে আরো ৯৫ রান যোগ করে স্বাগতিকরা।
নাঈম ইসলামের ধৈর্য্যশীল ও আরেক অভিষিক্ত নাসির হোসেনের সাবলীল ব্যাটিংয়ের সুবাদে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রান করে বাংলাদেশ। এর আগে ক্যারিবীয়দের সঙ্গে বাংলাদেশের ২১২ রানের সর্বোচ্চ টেস্ট ইনিংস এসেছিলো চট্টগ্রামেই, তবে এমএ আজিজ স্টেডিয়ামে।
যদিও সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৪১৬, ২০০৪ সালে সেন্ট লুসিয়ায়।
নাঈম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৬ রানে। তিনি তার ১৩১ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও একটি ছয় দিয়ে।
এর আগে দিনের শুরুতেই মুশফিকুর রহিম (৬৮) ও শাহরিয়ার নাফীসকে (৩২) ফিরিয়ে দেন ফিদেল এডওয়ার্ডস। দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলে দেবেন্দ্র বিশুর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিক। আগের দিনের রানের সঙ্গে কোনো রান যোগ করতে পারেন নি তিনি।
৪৭ বলে ৬টি চারসহ ৩৪ রান করেন নাসির। বিশুর বলে উইকেটরক্ষক কার্লটন বাফের হাতে ধরা পড়েন তিনি। পরের ওভারেই ইলিয়াস সানিকেও ফেরান বিশু। নিজের প্রথম টেস্ট ইনিংসে রানের খাতাই খুলতে পারেন নি সানি।
এরপর শাহাদাত হোসেনকেও (৯) ফিরিয়ে দেন বিশু। ৮১ রানে ৩ উইকেট নিয়ে তিনিই ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার।
রোববার সকালের পর বৃষ্টি না হলেও চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে সকাল ১০টায় শুরু হয়।
তুমল বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৩৪ ঘ.
bdnews24