ঢাকা অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হওয়ায় ভীষণ বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, "মাঠের অবস্থা খুবই খারাপ। এ ধরনের পরিস্থিতি আমাদের জন্য বিব্রতকর।"
এই লজ্জার দায় কার জানতে চাইলে বিসিবি সভাপতি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দিকে আঙুল তুলে বলেন, "মাঠ তো এনএসসির। আমরা শুধু মাঠ ব্যবহার করি। এই মাঠের জন্য বরাদ্দ টাকা আমরা ব্যয় করি না।"
অবশ্য মাঠের বেহাল দশার জন্য এনএসসিকেও দোষ দিচ্ছেন না মুস্তফা কামাল। তিনি বলেন, "তাদেরকে আমরা দোষারোপ করতে পারি না। কারণ তারা বৃষ্টির জন্য কাজ করতে পারেনি।"
বিশ্বকাপের পরই নাকি পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল বিসিবির। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, "মাটি ফেলে মাঠটা অন্তত তিন ফুট উঁচু করা দরকার। এরপর নতুন করে উইকেট বানাতে হবে। পুরো প্রক্রিয়াটা অনেক সময় সাপেক্ষ। কিন্তু বৃষ্টির জন্য কাজ শুরু করা সম্ভব হয়নি।"
বিকল্প মাঠ কেন বেছে নেয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, "বছরের এ সময়টায় সাধারণত বৃষ্টি হয় না। কিন্তু এবার বেশ বৃষ্টি হচ্ছে। আইসিসির সূচি একদম নির্ধারিত থাকে। সেজন্য বিকল্প মাঠে খেলা আয়োজন করা হয়নি।"
আগামী ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষেও এই মাঠেই খেলা হবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, "সবাই জানে বিসিবি কেন কাজ করতে পারেনি। এই মাঠ বাতিল হবে না।"
তিনি জানান, পাকিস্তান সিরিজের পরই মাঠের উন্নয়ন কাজ শুরু হবে।
যোগাযোগ ব্যবস্থার সমস্যা ও আন্তর্জাতিক মানের হোটেল না থাকায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না বলেও জানান মুস্তফা কামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫৪ঘ.
bdnews24