ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা দ্বিতীয় দিনের মতো খেলা পরিত্যক্ত হওয়ায় শেন জারগেনসেন ভীষণ হতাশ। তবে হতাশার মাঝেও আশায় বুক বাঁধছেন বাংলাদেশের বোলিং কোচ। চট্টগ্রাম টেস্টের আর দুদিন বাকি থাকলেও বাংলাদেশের পক্ষে ফল আসার ব্যাপারে তিনি আশাবাদী।
রোববার তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেন বাংলাদেশের খেলোয়াড়রা।
অনুশীলন শেষে সাংবাদিকদের সামনে হতাশা ব্যক্ত করেন জারগেনসেন। রোববারও খেলা পরিত্যক্ত হওয়ায় প্রকৃতিকে দোষারোপ করে তিনি বলেন, "আমরা ব্যাটিং-বোলিং দুটোই ভালোভাবে করতে চাই। যেন প্রতিপক্ষ চাপের মধ্যে থাকে।"
বৃষ্টি না হলে বাংলাদেশের জয়ের বেশ ভালো সম্ভাবনা ছিল বলে মনে করেন তিনি। তারপরও জারগেনসেন আশা ছাড়তে রাজি নন ।
তিনি বলেন, "আগামী দুদিন আমাদের ভালো খেলতে হবে। তারপর দেখা যাক কী হয়। আসলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি ছাড়া আর কোনো বিকল্প নেই।"
জারগেনসেন বলেন, "বল বেশ সুইং করছে আর পিচে টার্নও রয়েছে ভালোই। আমাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান বোলার রয়েছেন। এ ধরনের পিচে কিভাবে বল করতে হয় তা তারা ভালো মতোই জানেন।"
"আমাদের বোলিং আক্রমণ বৈচিত্র্যময়। বোলাররা প্রত্যেকেই যথেষ্ট দক্ষ। আশা করি তারা ভালো বল করবেন," যোগ করেন তিনি।
তিনি বলেন, "সাকিব আল হাসান এবং অন্য স্পিনাররা ভালো বল করেন। তবে শুধু স্পিনাররাই নন, পেসাররাও ভালো বল করেন।"
বোলারদের পাশাপাশি জারগেনসেন ব্যাটসম্যানদের প্রশংসায়ও পঞ্চমুখ। তিনি বলেন, "বাংলাদেশ দলে বেশ কয়েকজন প্রতিভাবান ব্যাটসম্যান রয়েছেন। এই ম্যাচে তারা ব্যাট হাতেও সাফল্য পেয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮১৫ঘ.
bdnews24