ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবুধাবিতে পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। পঞ্চম দিন বিকালে জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ১ উইকেটে ২১ রান তোলার পর দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।
শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৯৮ রান নিয়ে শনিবার পঞ্চম দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও প্রসন্ন জয়াবর্ধনে খেলে যেতে থাকেন।
চা-বিরতির আগ মুহূর্তে আজহার আলীর বলে সাঙ্গাকারা যখন এলবিডব্লিউ হয়ে যান তখন দিনের খেলা আর ৩৭ ওভার বাকি। শ্রীলঙ্কা এগিয়ে ১২০ রানে।
১৮টি চারের সাহায্যে ৪৩১ বলে ২১১ রান করেন সাঙ্গাকারা। প্রায় নিশ্চিত হারের হাত থেকে দলকে বাঁচানোর পুরস্কার স্বরূপ ম্যাচ সেরা হয়েছেন তিনি।
খেলে যেতে থাকেন জয়াবর্ধনে। শেষ পর্যন্ত ১২টি চারের সাহায্যে ২৭৩ বলে ১২০ রান করেন তিনি। শ্রীলঙ্কা তখন ৪৬৬/৭।
বাকি তিনটি উইকেট দ্রুতই হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত পাকিস্তানের সামনে ১৭০ রানের লক্ষ্য বেঁধে দেয় তারা।
২১ ওভারে ১৭০ রান করা অসম্ভব না হলেও তাতে ঝুঁকি রয়েছে। আর সেই ঝুঁকি নেয়নি পাকিস্তান। ফলে ১০ ওভারে তৌফিক উমরকে হারিয়ে ২১ রান করার পর দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করা হয়।
এর আগে জুনায়েদ খানের মারাত্মক বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৯৭ রানেই অলআউট হয়েছিলো শ্রীলঙ্কা। জুনায়েদ ৩৮ রান দিয়ে ৫ উইকেট দখল করেন। জবাবে তৌফিক উমরের দ্বিশতকের উপর ভর করে ৬ উইকেটে ৫১১ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিলো পাকিস্তান।
তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় খেলা দুবাইতে ২৬ অক্টোবর থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৫৮ ঘ.
bdnews24