ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিদেল এডওয়ার্ডসের বাউন্সারে হুক করতে গিয়ে আহত হয়ে মাঠ ছাড়েন শাহরিয়ার নাফীস। নাফীসকে রক্তাক্ত দেখে ভয় না পেলেও বেশ ঘাবড়ে গিয়েছিলেন সে সময় উইকেটে থাকা তামিম ইকবাল।
চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে তামিম জানান, "একদম ঠিক আছেন নাফীস। ফুটবল খেলেছেন, আবারো ব্যাট করতে নামবেন তিনি।"
এবার নাফীস নিজেই জানালেন কেমন আছেন তিনি, কী করে আঘাত লাগলো আর সে সময় কেমন অনুভূতি ছিল।
নাফীস বলেন, "আর কোন সমস্যা নেই। ব্যথা অনুভব করছি না। ব্যাট করতে পারবো।"
প্রয়োজন হলে শুক্রবারই মাঠে নামতে পারতেন বলে জানান নাফীস।
আঘাত প্রসঙ্গে তিনি বলেন, "বলটা বেশ বাউন্স করেছিল। সরাসরি আমার গায়ে লাগেনি। লেগেছিল হেলমেটের গ্রিলে, আর গ্রিল আঘাত হানে নাকে। সে সময় অনেক রক্ত পরছিল। তাই একটু ভয় পেয়েছিলাম, কিন্তু ব্যাথা পাইনি।"
"বল গায়ে আঘাত হানার পর বোলার ফিদেল এডওয়ার্ডস আমার কাছে এসে জিজ্ঞেস করেন, আমি ঠিক আছি কিনা। আমি বলেছি, ভালো আছি। পরে এক্সরে রিপোর্টেও দেখেছি কিছু ভাঙেনি বা কোন সমস্যা নেই," যোগ করেন তিনি।
বাংলাদেশ বেশ ভালো অবস্থানে। আর সে সময় বৃৃষ্টির কারণে একটি দিন নষ্ট হয়ে গেল। এ ব্যাপারে তিনি দুষলেন প্রকৃতিকেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬২৯ ঘ.
bdnews24