২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগে নিজেকে প্রমাণ করতে চান আশরাফুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দল থেকে বাদ পড়া মোহাম্মদ আশরাফুল নিজেকে প্রমাণের জন্য আবারো বেছে নিয়েছেন জাতীয় লিগকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দল থেকে বাদ পড়া মোহাম্মদ আশরাফুল নিজেকে প্রমাণের জন্য আবারো বেছে নিয়েছেন জাতীয় লিগকে। রোববার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় লিগের দ্বিতীয় পর্বের খেলা। রাজশাহীতে আশরাফুলের দল ঢাকা মেট্রো খেলবে ঢাকা বিভাগের বিপক্ষে। এই ম্যাচে নিজে ভালো খেলার পাশাপাশি দলের জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি। আশরাফুল যতবার জাতীয় দল থেকে বাদ পড়েছেন ততবারই পারফরম করে দলে ফিরেছেন। বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল'ও বলেছেন, "খেলতে হলে রান করেই ফিরতে হবে আশরাফুলের।" রান করেই দলে ফিরতে চান তিনি। রাজশাহীতে ঢাকা মেট্রো খেলবে আশরাফুলের নেতৃত্বে। তিনি বলেন, "ঢাকা মেট্রোর অধিনায়ক হয়ে রাজশাহী যাচ্ছি। দেখা যাক কি হয়। এ পর্যন্ত পারফর্ম করেই তো দলে ফিরে এসেছি। আশা করছি এবারও পারব।" ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার কারণে দ্বিতীয় পর্বের ম্যাচেও খেলা হচ্ছে না জাতীয় দলের খেলোয়াড়দের। রোববার সিলেটে খুলনা-বরিশাল, বিকেএসপিতে সিলেট-চট্টগ্রাম, রাজশাহীতে ঢাকা-ঢাকা মেট্রো ও বগুড়ায় রাজশাহী-রংপুর খেলবে। প্রথম পর্ব শেষে ১৩.৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা মেট্রো। ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে চট্টগ্রাম। তিনে থাকা সিলেটের পয়েন্ট ৮। বরিশাল, ঢাকা, খুলনা ও রংপুরের পয়েন্ট ৪ করে। সবার নিচে থাকা রাজশাহীর পয়েন্ট ৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬১৬ ঘ.