২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই মাঠে ৩৫০ রানও ভালো স্কোর: তামিম

নিজের ঘরের মাঠে পছন্দের শট খেলতে গিয়ে ৫১ রানে আউট হলেও এ নিয়ে কোনো আফসোস নেই বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 07:14 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের ঘরের মাঠে পছন্দের শট খেলতে গিয়ে ৫১ রানে আউট হলেও এ নিয়ে কোনো আফসোস নেই বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে চট্টগ্রামের ছেলে তামিম বললেন, দ্বিতীয় দিনে দলের লক্ষ্য হবে যতো বেশি সময় সম্ভব ব্যাট করে যাওয়া। প্রথম দিনে বাংলাদেশ দলের সংগ্রহ চার উইকেটে ২৫৫ রান। আর তামিমের মতে, এ মাঠে ৩২০ থেকে ৩৫০ রানই 'ভালো স্কোর'। শনিবার সকালে সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবেন ৬৮ রানে অপরাজিত থাকা অধিনায়ক মুশফিকুর রহিম আর ৮ রানে থাকা নাঈম ইসলাম। সেট হওয়ার পর স্যামুয়েলসের বলে সুইপ করতে গিয়ে আউট হওয়ার আগে ১৪১ বল খেলে তামিম করেছেন ৫১ রান। ক্রিজে ছিলেন দুই ঘণ্টা ৫০ মিনিট। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "ওই শট নিয়ে আমার কোনো আফসোস নেই। ওটা আমার অন্যতম ফেভারিট শট। আগেও এ শটে আমি অনেক রান পেয়েছি। সেট হওয়ার পর আউট হওয়া নিয়ে আমার কাছে কোনো উত্তর নেই।" তবে তামিম এটা মানছেন- এখন তিনি সেরা ফর্মে নেই। "আমার লক্ষ্য ছিল বেশিক্ষণ উইকেটে কাটানো। ভেবেছিলাম উইকেটে টিকতে পারলে ভালো কিছু হবে।" উইকেটের অবস্থা জানতে চাইলে বললেন, "ব্যাটে ভালোভাবে বল আসছে না। বাজে বল বা উপরের বল ছাড়া স্কোর করা যাচ্ছিল না। এ উইকেট বোলিং সহায়ক নয়- বলার পরও সফরকারী দলের বোলিং অ্যাটাকের প্রশাংসা করলেন তামিম। "রামপাল ভালো লাইনে বল করেছেন।" বাংলাদেশ দলের সাবেক সহ অধিনায়কের কণ্ঠে প্রশংসা ঝরলো সতীর্থ মুশফিক, সাকিব ও রকিবুলের পারফরম্যান্স নিয়েও। "রকিবুল আজ খুবই পজিটিভ ছিল। ওর সাথে আগেও খেলেছি। কিন্তু এতোটা পজিটিভ আগে কখেনো মনে হয়নি।" তামিমের বিচারে, "গত ছয় মাস ধরেই ভাল খেলছে মুশফিক। অধিনায়ক হিসেবেও এখন পর্যন্ত খুবই ভালো করেছে।" প্রথম দিন ফিদেল এডওয়ার্ডসের লাফিয়ে ওঠা বলে হুক করতে গিয়ে মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলের শাহরিয়ার নাফিসকে। "প্রথম যখন হেলমেট খুললো তখন মনে করেছিলাম ঘাম ঝরছে। পরে দেখি রক্ত। নন স্ট্রাইকিংয়ে দাঁড়িয়ে ব্যাটসম্যানের আঘাত পাওয়া এই প্রথম দেখলাম," বললেন তামিম। তবে তিনি আশ্বস্ত করলেন- নাফিস এখন পুরোপুরি সুস্থ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/১২৫৫ ঘ.