ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আচরণবিধি ভাঙ্গার কারণে শাস্তি পেতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুর আহমেদ তেমন আভাসই দিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়ার পর নির্বাচকদের সমালোচনা করেন আশরাফুল।
এ ব্যাপারে ইতিমধ্যেই বিসিবির শৃঙ্খলা কমিটি আশরাফুলের সঙ্গে কথা বলেছে।
আচরণবিধি ভাঙ্গার ব্যাপারে মনজুর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশরাফুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে আপাতত এ ব্যাপারে আমরা আর কিছু বলতে চাচ্ছি না।"
শাস্তির ধরন সম্পর্কেও স্পষ্ট করে কিছু বলেননি মনজুর। তবে তিনি আভাস দিয়েছেন আলোচনা করে দু-একদিনের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫৭ঘ.
bdnews24