২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌভাগ্যের মাঠে সাফল্যের প্রত্যাশায় বাংলাদেশ

সৌভাগ্যের মাঠে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানের লজ্জায় ডুবিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টেও সাফল্য-প্রত্যাশী স্বাগতিকরা। জানাচ্ছেন অনীক মিশকাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

অনীক মিশকাত ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সৌভাগ্যের মাঠে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানের লজ্জায় ডুবিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টেও সাফল্য-প্রত্যাশী স্বাগতিকরা। খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়। দুদল এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলেছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩টি আর বাংলাদেশের জয় দুটো। অন্যটি অমীমাংসিত ছিলো। বাংলাদেশ অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ দুই টেস্টে জয়ের সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে শুক্রবার। তৃতীয় ওয়ানডেতে ৬১ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করার সুবাদে স্বাগতিকদের মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকার কথা। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশের পেস আক্রমণ অনেক দুর্বল। তবু দুই পেসার শাহাদাত হোসেন আর রুবেল হোসেনের কাছে শুরুতেই উইকেটের প্রত্যাশা বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের। তবে জয়ের জন্য যথারীতি স্পিনারদের দিকে তাকিয়ে বাংলাদেশ। অভিজ্ঞ আব্দুর রাজ্জাকের অনুপস্থিতিতে সাকিব আল হাসানের ওপরে এবার বাড়তি দায়িত্ব। পুরো ওয়ানডে সিরিজেই ভালো বল করা সাকিব শেষ ওয়ানডেতে ম্যাচ-সেরার পুরস্কারও পেয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে টানা ভালো খেলার পুরস্কার হিসেবে টেস্ট দলে এসেছেন ইলিয়াস সানি। কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও তাকে নিয়ে ভীষণ আশাবাদী বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল। ১৭টি ওয়ানডে খেলা সোহরাওয়ার্দী শুভরও টেস্ট অভিষেক হতে পারে সানির পাশাপাশি। অসুস্থতার কারণে দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ। ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটসম্যান-বোলার দুই ভূমিকাতেই ঔজ্জ্বল্য ছড়ান বাংলাদেশের বর্তমান সহ-অধিনায়ক। টেস্ট সিরিজে তার অভাব দল অনুভব করবেই। তবে জাতীয় লিগের বড় দৈর্ঘ্যরে ম্যাচে সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন নাঈম ইসলাম। মাহমুদুল্লাহর অভাব পূরণে তার দিকেই তাকিয়ে আছে মুশফিকের দল। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস সাফল্য পাননি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজেও তেমন কিছু করতে পারেননি তারা। টেস্ট সিরিজে তাই কঠিন পরীক্ষার সামনে তামিম-ইমরুল। মুশফিক অবশ্য ভালো খেলছেন। ব্যাট হাতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের নতুন অধিনায়ক। চট্টগ্রামে সর্বশেষ টেস্টেও দুই ইনিংসে অর্ধশতক করেছিলেন তিনি। এবারো তার কাছ থেকে তেমন ব্যাটিংয়েরই প্রত্যাশা বাংলাদেশের। বাংলাদেশের বর্তমান দলটির কারোরই অবশ্য ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। সেদিক থেকে অতিথিরা কিছুটা হলেও এগিয়ে। ৯ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ বাংলাদেশ সফরে টেস্ট খেলেছিলেন শিবনারায়ন চন্দরপল ও মারলন স্যামুয়েলস। তৃতীয় ওয়ানডেতে ভরাডুবির পরও ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি তাকিয়ে আছেন দলের টেস্ট বিশেষজ্ঞদের দিকে। তার আশা টেস্ট বিশেষজ্ঞরাই চট্টগ্রামে জয়ের পথে এগিয়ে নিয়ে যাবেন দলকে। ব্যাট হাতে এখন পর্যন্ত দারুণ সফল লেন্ডল সিমন্স ও স্যামুয়েলস। টি-টোয়েন্টি ও প্রথম দুটো ওয়ানডেতে তিনটি অর্ধশতক করেছেন স্যামুয়েলস। আর সিমন্সের ব্যাট থেকে এসেছে একটি করে শতক ও অর্ধশতক। বাংলাদেশের বোলারদের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন চন্দরপল। উপমহাদেশে খেলার বিশাল অভিজ্ঞতা তার। স্পিন বোলিংয়ের বিপক্ষেও দারুণ দক্ষ এই বাঁহাতি ব্যাটসম্যান। পেস আক্রমণও ওয়েস্ট ইন্ডিজের বড় ভরসা। অধিনায়ক স্যামির সঙ্গে রবি রামপল, কেমার রোচ আর ফিদেল এডওয়ার্ডসকে নিয়ে তাদের পেস আক্রমণ যথেষ্ট শক্তিশালী। টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ সংগ্রহ ৫৫৯/৪ (ইনিংস ঘোষণা)। আর বাংলাদেশের সর্বোচ্চ ৪১৬। ওয়েস্ট ইন্ডিজের সর্বনিু রান ২০৯, বাংলাদেশের ৮৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২০ঘ.