২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৌফিকের দ্বিশতক, জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান

আবুধাবি টেস্টের তৃতীয় দিনে তৌফিক উমরের দ্বিশতকের সুবাদে ৬ উইকেটে ৫১১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৭ রান করেছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবুধাবি টেস্টের তৃতীয় দিনে তৌফিক উমরের দ্বিশতকের সুবাদে ৬ উইকেটে ৫১১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৭ রান করেছে শ্রীলঙ্কা। ১টি ছয় ও ১৭টি চারের সাহায্যে ৪৯৬ বলে ২৩৬ রান করেন তৌফিক। ১৯৯২ সালের পর এই প্রথম পাকিস্তানের কোনো উদ্বোধনী ব্যাটসম্যান দ্বিশতক করলেন। দেশটির ক্রিকেট ইতিহাসে তিনি সপ্তম উদ্বোধনী ব্যাটসম্যান যিনি দ্বিশতক পেলেন। শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম দিনেই ম্যাচ থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা। আর বৃহস্পতিবার তৃতীয় দিন শেষে তাদের অবস্থা কোনো মতে হার এড়ানোর লড়াই চালিয়ে যাওয়া। প্রথম দিনে ব্যাট করতে নেমে পাকিস্তানের তরুণ পেসার জুনায়েদ খানের সামনে অসহায় ছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। জুনায়েদ মাত্র ৩৮ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন। আর ব্যাট হাতে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক নাকাল করে ছেড়েছেন শ্রীলঙ্কার বোলারদের। ১২ ঘন্টা ক্রিজে ছিলেন তৌফিক। শেষ পর্যন্ত ক্লান্তির কাছে হার মেনে রানআউট হয়ে যান তিনি। কিন্তু তার আগেই যা করার করে ফেলেছেন। মোহাম্মদ হাফিজকে (৭৫) নিয়ে ১১৮ রানের, আজহার আলীকে (৭০) নিয়ে ১৬০ রানের, ইউনুস খানকে (৩৩) নিয়ে ৮২ রানের, মিসবাহ-উল-হককে (৪৬) নিয়ে ৭৬ রানের ও আসাদ শফিককে (২৬) নিয়ে ৭৫ রানের পাঁচটি জুটি গড়েছেন তৌফিক। সুরাঙ্গা লাকমালের ২৪তম ওভারের শেষ বলে চার মেরে ১৯৯ থেকে ২০৩ রানে পৌঁছান তিনি। দলীয় ৫১১ রানে তৌফিক রানআউট হয়ে গেলে ব্যাট করতে নামেন উমর গুল। কোনো রান যোগ না করে গুল আউট হয়ে গেলে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায় মিসবাহ। শ্রীলঙ্কার পক্ষে রঙ্গনা হেরাথ ৩টি ও চানাকা ওয়েলেগেদারা ২টি উইকেট নেন। শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা পরানাভিতানা। উমর গুলের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। এরপর লাহিরু থিরিমান্নে (২০) ও কুমার সাঙ্গাকারা (২৭) হার এড়ানোর লড়াই করেছেন। তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি হবে দুবাইতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০২০ ঘ.