ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান শহিদ আফ্রিদি। এরই মধ্যে অবসর গ্রহণের ঘোষণা প্রত্যাহার করে নিয়ে তিনি বলেছেন, সীমিত ওভারের খেলায় পাকিস্তান দল এখন তাকে নেয়ার কথা বিবেচনা করতে পারে। খেলার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন।
গত মে মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড একদিনের দলের অধিনায়কের পদ থেকে আফ্রিদিকে বরখাস্ত করে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে সেরা একাদশ গঠন নিয়ে কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। পরে দেশে ফিরে এ ব্যাপারে মন্তব্য করায় তার অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়। অবসরের ঘোষণা দিয়ে এর জবাব দেন আফ্রিদি। সেই সঙ্গে অবশ্য শর্তও জুড়ে দেন তিনি। বলেন, বোর্ডের বর্তমান নেতৃত্ব ও টিম ম্যানেজমেন্টে পরিবর্তন আনা হলে তিনি আবার পাকিস্তানের হয়ে খেলার কথা বিবেচনা করবেন।
কোচ ওয়াকার ইউনুস জিম্বাবুয়ে সফর শেষে পদত্যাগ করেছেন। পিসিবি চেয়ারম্যান হিসেবে ইজাজ বাটের জায়গায় বসেছেন জাকা আশরাফ।
আফ্রিদি করাচিতে সাংবাদিকদের বলেন, "আমি কেবল বলেছি, বোর্ডের আগের নেতৃত্বের অধীনে আমি খেলবো না। কিন্তু ওই 'লোক' এখন আর নেই। তাই পাকিস্তান দল আমাকে নেয়ার কথা বিবেচনা করতে পারে। আমি খেলার জন্য প্রস্তুত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩২ ঘ.
bdnews24