ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন টেন্ডুলকারের মান রাখার আভাস দিচ্ছেন তার ছেলে অর্জুন টেন্ডুলকার। সোমবার তিনি তার প্রতিভা মেলে ধরেন স্কুল দলের হয়ে এক খেলায়।
ডিস্ট্রিক্টস স্পোর্টস টুর্নামেন্টে অর্জুন তার স্কুল ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনালের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমে বাবার কথা মনে করিয়ে দেন দর্শকদের। চমৎকার ব্যাট করেন তিনি। রান করেন ৪৫।
অর্জুনের বোলিংও খারাপ নয়, রীতিমতো চোখে পড়ার মতো। এরই মধ্যে তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। খেলায় উইকেট নেন চারটি। এর ফলে তার দল সহজেই জেতে চতুর্ভূজ নার্সিং মেমোরিয়াল স্কুলের বিপক্ষে।
শচীনের মতো তার ছেলেও উদ্বোধনী ব্যাটসম্যান। তবে বাবার সঙ্গে একটা পার্থক্য আছে। বাবা ডান হাতে ব্যাট করলেও অর্জুন করেন বাম হাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২১ ঘ.
bdnews24