ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যেই। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে বাংলাদেশের কাছে তাই মান বাঁচানোর ম্যাচ। যে ম্যাচে স্বাগতিকদের সবচেয়ে বড় অনুপ্রেরণা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। খেলা শুরু হবে বেলা দেড়টায়।
এই স্টেডিয়ামে এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। শুরুটা অবশ্য একদমই ভালো হয়নি। এই মাঠে প্রথম ৫ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিলো স্বাগতিকরা।
তবে সর্বশেষ ৬ ম্যাচের ৫টিতেই জয়ের মধুর স্বাদ পেয়েছে বাংলাদেশ।
গত বিশ্বকাপে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার এইটে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলো বাংলাদেশ।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে এই মাঠ একেবারেই অপরিচিত। এখানে তাদের দলের কেউ কখনোই খেলেনি। যা স্বাগতিকদের বাড়তি সুবিধা দিতে পারে।
শনিবার দ্বিতীয় ওয়ানডেতেও হেরে যাওয়ার পর দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুশফিকুর রহিম। বাংলাদেশের অধিনায়ক সবচেয়ে বেশি হতাশ ওপরের সারির ব্যাটসম্যানদের নিয়ে।
প্রথম দুই ম্যাচে ২ ও ০ রানে আউট হওয়া মোহাম্মদ আশরাফুলের বাদ পড়ার জোরালো সম্ভাবনা। তার বদলে সুযোগ পেতে পারেন শাহরিয়ার নাফীস বা শুভাগত হোম চৌধুরী। জিম্বাবুয়ে সফরেও প্রথম দুটো ওয়ানডেতে ব্যর্থ হওয়ার পর তৃতীয় ম্যাচে বাদ পড়েছিলেন আশরাফুল।
ব্যাটিংয়ে ভালো সূচনার জন্য দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েসের দিকে তাকিয়ে বাংলাদেশ। যদিও দ্বিতীয় ওয়ানডেতে হতাশ করেছেন দুজনেই। সাকিব আল হাসান আর মুশফিকের কাছেও বড় ইনিংসের প্রত্যাশা স্বাগতিকদের।
অলক কাপালী, নাঈম ইসলাম আর নাসির হোসেনের কাছ থেকেও গুরুত্বপূর্ণ ইনিংস আশা করছে বাংলাদেশ।
ব্যাটিংয়ের মতো ফিল্ডিংও বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তা। দুই ম্যাচেই স্বাগতিক ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ ফেলেছেন। যেগুলো কাজে লাগিয়ে দলকে সিরিজ জয়ের দিকে নিয়ে যেতে ভুল হয়নি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের।
টি-টোয়েন্টিতে ভালো করলেও দুটো ওয়ানডেতে বাংলাদেশের বোলাররা একদমই সুবিধা করে উঠতে পারেননি।
লেন্ডল সিমন্স ও মারলন স্যামুয়েলস ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন। সিমন্স একটি করে শতক ও অর্ধশতক করেছেন। আর স্যামুয়েলস টি-টোয়েন্টিসহ তিন ম্যাচেই পেয়েছেন অর্ধশতক।
কাইরন পোলার্ড, ড্যারেন স্যামি আর আন্দ্রে রাসেলের মতো তিন অলরাউন্ডারের উপস্থিতি ক্যারিবীয়দের ব্যাটিং ও বোলিং গভীরতা বাড়িয়ে দিয়েছে অনেকখানি। দ্বিতীয় ওয়ানডেতে নিজের শেষ দুই বলে উইকেট নেয়া স্যামি দাঁড়িয়ে আছেন হ্যাটট্রিকের সামনে।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান শক্তি পেস আক্রমণ। স্যামি-রাসেলদের সঙ্গে রবি রামপাল,কেমার রোচ থাকায় তাদের পেস আক্রমণকে সমীহ না করে উপায় নেই।
লেগস্পিনার দেবেন্দ্র বিশু থাকলেও স্যামুয়েলসের অফব্রেকই এখনো পর্যন্ত বেশি অস্বস্তিতে ফেলেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের।
দুদল এখন পর্যন্ত ১৯টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১৪টি আর বাংলাদেশ তিনটি। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৩ঘ.
bdnews24