২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগের শুরুতেই অস্বস্তিতে বর্তমান চ্যাম্পিয়নরা

সোমবার ত্রয়োদশ জাতীয় লিগের উদ্বোধনী দিনটি মোটেই ভালো কাটেনি বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর। তাদের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় আছে নবাগত ঢাকা মেট্রো। সিলেট আর ঢাকা বিভাগেরও ভালো কেটেছে প্রথম দিনটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার ত্রয়োদশ জাতীয় লিগের উদ্বোধনী দিনটি মোটেই ভালো কাটেনি বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর। তাদের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় আছে নবাগত ঢাকা মেট্রো। সিলেট আর ঢাকা বিভাগেরও ভালো কেটেছে প্রথম দিনটা। রাজশাহী-ঢাকা মেট্রো রাজশাহীর শহীদ কামরুজ্জান স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্্েরা। ব্যাট করতে নেমে আরাফাত সালাউদ্দিন ও ইলিয়াস সানির দারুণ বোলিংয়ে ৫৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় রাজশাহী। জবাবে দিনশেষে ঢাকা মেট্রোর সংগ্রহ ৩১ ওভারে ১ উইকেটে ১১০ রান । আরমান হোসেন রানের খাতা খোলার আগেই বিদায় নিলেও তাসামুল হক ও আসিফ আহমেদের দৃঢ়তায় স্বস্তি নিয়ে দিন শেষ করে ঢাকা মেট্রো। তাসামুল ৪০ ও আসিফ ৬৮ রানে ব্যাট করছেন। এর আগে ৯ নম্বর ব্যাটসম্যান সানজামুল ইসলাম ছিলেন রাজশাহীর সর্বোচ্চ রান সংগ্রাহক। ৪৭ রানে অপরাজিত থাকেন সানজামুল। জহুরুল ইসলাম ৪৪ ও জুনায়েদ সিদ্দিক ২৯ রান করেন। সালাউদ্দিন ও সানি ৩টি করে উইকেট নেন। দুজনই ৩৩ রান করে দেন। সিলেট-খুলনা সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। ব্যাট করতে নেমে সায়েম আলমের ৭১ রানের সুবাদে ৫ উইকেটে ২২৮ রানে দিন শেষ করে সিলেট। গোলাম মাবুদ ৩৭ ও এনামুল হক জুনিয়র ৬ রানে ব্যাট করছেন। খুলনার পক্ষে তাপস ঘোষ ২ উইকেট নেন ৬২ রানের বিনিময়ে। চট্টগ্রাম-বরিশাল বিকেএসপিতে চট্টগ্রাম ও বরিশাল ম্যাচে রাজত্ব করছেন বোলাররা। টস জিতে ব্যাট করতে নেমে ৮০ ওভার ৪ বলে ১৮৭ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম। জবাবে ৫ ওভারে ২ উইকেটে ১৩ রান নিয়ে দিন শেষ করে বরিশাল। চট্টগ্রামের পক্ষে কাজী কামরুল ২ উইকেট নেন ৬ রানে। এর আগে আফতাব আহমেদ (৪২), নুর হোসেন মুন্না (৩০) ও সাদিত হোসেনের (২৪) তিনটি নাতিদীর্ঘ ইনিংস চট্টগ্রামকে দু শর কাছাকাছি নিয়ে যায়। বরিশালের পক্ষে মনির হোসেন ৩ উইকেট নেন ৪৫ রানে। ঢাকা বিভাগ-রংপুর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নবাগত রংপুর। তৈয়বুর পারভেজ, রকিবুল হাসান ও সৈকত আলীর অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দিন শেষ করে ঢাকা বিভাগ। তৈয়বুর ৬১ রান নিয়ে ব্যাট করছেন। রকিবুল ৫৩ ও সৈকত ৫৫ রান করেন। রংপুরের পক্ষে সায়মন আহমেদ ও তানভির হায়দার দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮২৩ঘ.