ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি জিতেছিলো অস্ট্রেলিয়া। অর্থাৎ দুই ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়।
জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৭ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১৯ ওভার ১ বলে ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকদের শুরুটা মোটেও ভালো হয়নি। ১৮ রানের মধ্যে বিদায় নেন অধিনায়ক হাশিম আমলা (৪), কলিন ইনগ্রাম (৫) ও জেপি ডুমিনি (০)। প্রথম স্পেলে ২ ওভারে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট নেয়া প্যাট কামিনসের দুর্দান্ত বোলিংই দক্ষিণ আফ্রিকার অমন দুর্দশার কারণ।
তবে চতুর্থ উইকেটে গ্রায়েম স্মিথ ও জোহান বোথার ৩০ রানের জুটি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখায় স্বাগতিকদের। দলীয় ৪৮ রানে স্মিথ (২৪) ফিরে গেলে আবারো চাপে পড়ে যায় তারা।
পঞ্চম উইকেটে ডেভিড মিলার ও বোথা ৩২ রান যোগ করে আবার দলকে লড়াইয়ে ফেরান। ১০ রান করে মিলার ফিরে যাওয়ার সময় দক্ষিণ আফ্রিকার রান ৮০।
এর পর ৪ রান যোগ করতে বোথা (৩৪) ও হেইনু কুন (৩) বিদায় নিলে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় সফরকারীরা।
তবে নাটকীয়তার তখনো বাকি ছিল। অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ওয়েইন পারনেল ও রাস্টি থেরন ৬৪ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন। টি-টোয়েন্টিতে দুজনই নিজেদের সেরা ইনিংস খেলেন এই ম্যাচে।
পারনেল ২৯ ও থেরন ৩০ রানে অপরাজিত থাকেন। পারনেল তার ১১ বলের ইনিংসটি সাজান ৩টি চার ও ২টি ছয় দিয়ে। অন্য দিকে থেরনের ১৬ বলের ইনিংসে ৩টি চার ও একটি ছয়।
অস্ট্রেলিয়ার পক্ষে কামিনস ও জেমস প্যাটিনসন ২টি করে উইকেট নেন।
এর আগে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন ডেভিড ওয়ার্নার। দলের রান তখন ৩। প্রথম ম্যাচেও তিনি ফেরেন শূন্য হাতে।
চোটের কারণে শেন ওয়াটসন না খেলায় ওয়ার্নারের সঙ্গে উদ্বোধন করতে নামেন উইকেটরক্ষক ম্যাথু ওয়াডে (১০)। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক ক্যামেরন হোয়াইট। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান মিচেল মার্শের।
দক্ষিণ আফ্রিকার পক্ষে লোনওয়াবো সোসোবে, মর্নে মরকেল ও রাস্টি থেরন ২টি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৫ঘ.
bdnews24