ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে দিল্লির ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে সোমবার মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ১২৬ রানে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
কয়েক মাস আগের ইংল্যান্ড সফরে ভারত একটিও আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি। ঐ সফরের পর দেশে ফিরে বিরূপ সমালোচনার মুখে পড়তে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে শুক্রবার হায়দরাবাদে প্রথম ওয়ানডে জিতে হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছে মহেন্দ্র সিং ধোনির ভারত।
চোটের কারণে বেশ কয়েক জন তারকা দলে নেই। হায়দরাবাদে তাই কয়েক জন অনভিজ্ঞ খেলোয়াড়কে নিয়ে দল সাজিয়ে মাঠে নামে ভারত। তাদের খেলা দেখে ধোনির দলের আশ্বস্ত হওয়ারই কথা।
প্রথম ওয়ানডেতে ভারতের পক্ষে উদ্বোধন করেন আজিঙ্কা রাহানে ও পার্থিব প্যাটেল। গৌতম গম্ভীর নামেন তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে।
যদিও উদ্বোধনী ব্যাটম্যান হিসেবে গম্ভীরকেই বেশি পছন্দ পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরামের।
আকরাম বলেন, "আমার মনে হয় বিসিসিআই ভবিষ্যতে গম্ভীরকে তিন নম্বরে ব্যাট করতে দেখতে চায়। আমি অবশ্য তাকে দিয়ে ইনিংস শুরু করানোরই পক্ষপাতী।"
ইংল্যান্ড সফরে অনিয়মিত হলেও হায়দরাবাদে ৫৫ বলে ৬১ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন সুরেশ রায়না। রবিচন্দ্রন অশ্বিনের স্পিন প্রতিপক্ষকে ভালোই অস্বস্তিতে ফেলেছে। ভালো বল করেছেন তরুণ পেসার উমেশ যাদবও। দুজনই সেদিন ৩টি করে উইকেট নিয়েছেন।
ভারত সফরে আসা ইংল্যান্ড দলেও বেশ কয়েক জন অনভিজ্ঞ ক্রিকেটার আছেন। এবং ভারতে এসেই তারা কঠিন পরীক্ষার সামনে পড়েছেন। প্রথম ম্যাচে ব্যর্থতার পর সোমবার ঘুরে দাঁড়িয়ে তারা দলকে জয় এনে দিতে পারেন কিনা সেটাই দেখার।
২০০৮ সালে সর্বশেষ ভারত সফরে এসেছিলো ইংল্যান্ড। সেবারও রাজকোটে ১৫৮ রানের বিশাল হার দিয়ে সাত ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করেছিলো তারা। এরপর অতিথিরা আর লড়াইয়ে ফিরতে পারেনি, হেরে গিয়েছিলো প্রথম পাঁচ ম্যাচেই। ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসীদের হামলার পর সিরিজের শেষ দুটো ম্যাচ না খেলেই দেশে ফিরে যায় ইংল্যান্ড।
অ্যালিস্টার কুকের অধিনায়কত্বে ইংল্যান্ড নিশ্চয়ই আগের সফরের ব্যর্থতা মুছে ফেলতে চাইবে। লক্ষ্যপূরণে তারা কতটা সফল হবে তার ইঙ্গিত পাওয়া যাবে দিল্লিতে।
প্রথম ম্যাচের দলে কোনো পরিবর্তন না এনেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারে দুদল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১০ঘ.
bdnews24