২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবু স্যামুয়েলসের চোখে বাংলাদেশ বিপজ্জনক দল

প্রথম দুটো ওয়ানডে সহজেই জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবু বাংলাদেশকে বিপজ্জনক দল হিসেবে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মারলন স্যামুয়েলস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 05:31 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম দুটো ওয়ানডে সহজেই জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবু বাংলাদেশকে বিপজ্জনক দল হিসেবে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মারলন স্যামুয়েলস। শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বাংলাদেশ খুবই বিপজ্জনক একটি দল।" কেন বাংলাদেশকে বিপজ্জনক মনে হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, "বাংলাদেশ ঠিক আমাদের মতোই খেলে।" অবশ্য শুধু ওয়েস্ট ইন্ডিজের মতো খেলে বলেই বাংলাদেশকে সমীহ করছেন না স্যামুয়েলস। তিনি বলেন, "এখন আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বলে কোনো প্রতিপক্ষ নেই। কোনো ম্যাচই সহজভাবে নেয়া যায় না। আমরা একটু খারাপ খেললেই বাংলাদেশ কিন্তু আমাদের হারিয়ে দেবে।" প্রথম ওয়ানডের তুলনায় দ্বিতীয় ওয়ানডের উইকেটে টার্ন একটু বেশি ছিল বলে মনে করেন স্যামুয়েলস। বাংলাদেশে আসার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসার কথাও জানিয়েছেন তিনি। ম্যাচ-সেরার পুরস্কার পাওয়া স্যামুয়েলস বলেন, "আমরা জানি বাংলাদেশে অনেক স্পিনার আছে। সে অনুযায়ীই আমি প্রস্তুতি নিয়েছি।" বাংলাদেশ সফরে দারুণ ব্যাটিং করছেন তিনি। একমাত্র টি-টোয়েন্টিসহ তিনটি ম্যাচেই অর্ধশতক করেছেন। ব্যাটিং কতটা উপভোগ করছেন জানতে চাইলে স্যামুয়েলস বলেন, "আমার বয়স এখন ৩০ বছর। এই বয়সে অনেকের মতো আমিও ব্যাটিংটা দারুণ উপভোগ করছি। এই সফরে আমার সব কিছুই খুব ভালো যাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩২৬ঘ.