ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরের শুরুটা দারুণ হলো নিউজিল্যান্ডের। শনিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়েছে তারা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৩ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৩ ওভার ৩ বলে কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
অধিনায়ক ব্রেন্ডন টেলর ছাড়া জিম্বাবুয়ের অন্য কোনো ব্যাটসম্যান ভালো করতে পারেননি। ৪৬ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন টেলর।
নিউজিল্যান্ডের পক্ষে কাইল মিলস ও নাথান ম্যাককালাম ২টি করে উইকেট নেন।
জবাবে ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিলের আক্রমণাত্মক ব্যাটিং সহজ জয় এনে দেয় নিউজিল্যান্ডকে। ৬টি ছক্কা ও ৫টি চারে মাত্র ৪৬ বলে অপরাজিত ৮১ রানের ঝড়ো ইনিংস আসে ম্যাককালামের ব্যাট থেকে। দুটি করে চার ও ছক্কায় ৩৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন গাপটিল।
দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে সোমবার। এরপর তিনটি ওয়ানডে ও একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুদল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৫২ঘ.
bdnews24