২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ পাতানোর অভিযোগ অস্বীকার ক্লার্কের

ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান জেমস সান্ডারল্যান্ডের পর ম্যাচ পাতানোর কথা অস্বীকার করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান জেমস সান্ডারল্যান্ডের পর ম্যাচ পাতানোর কথা অস্বীকার করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কও। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে স্পট ফিক্সিং মামলায় বাদী পক্ষের উকিলের জেরায় মাজহার মাজিদ দাবী করেন, অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত। স্পট ফিক্সিংয়ের 'নাটের গুরু', ক্রিকেটারদের এজেন্ট মাহমুদের অভিযোগ সাদারল্যান্ড উড়িয়ে দিয়েছেন কয়েক দিন আগে। ক্লার্কও অভিযোগটা অস্বীকার করলেন জোরের সঙ্গে। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, "ব্যক্তিগতভাবে আমি মনে করি, অস্ট্রেলীয়রা কখনো এ ধরনের বাঁকা পথে চলে না। আমার ক্রিকেট-জীবনে কখনোই (ম্যাচ পাতানো সংক্রান্ত) সন্দেহজনক কথাবার্তা শুনিনি। দলের কেউ কেউ অবশ্য বেশ কয়েক বার এ ধরনের অভিজ্ঞতার সামনে পড়েছেন। তবে তা সঙ্গে সঙ্গেই দলের ম্যানেজার ও আইসিসিকে জানিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ অস্ট্রেলিয়া দলের সব সদস্যই এ ব্যাপারে সম্পূর্ণ সজাগ।" "আমি কখনোই এ সবের (ম্যাচ পাতানো) সঙ্গে জড়িত ছিলাম না। এবং আমি নিশ্চিত, অস্ট্রেলিয়ার অন্য কোনো ক্রিকেটারও কখনোই এর সঙ্গে জড়িত ছিলেন না," যোগ করেন ক্লার্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৯২২ঘ.