ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে জিতে নিয়েছে তিন ম্যাচের একদিনের সিরিজ।
প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজ জেতে ৪০ রানে।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়া করতে গিয়ে ৪২ ওভার ৪ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে।
প্রথমে ব্যাট করে পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে যায় ৪৮ ওভার ৫ বলে ২২০ রানে।
ছোট জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মোটেও তাড়াহুড়ো করতে হয়নি। শুরু থেকেই হিসেবে করে ব্যাট করতে থাকেন তারা। গড়ে ওভার প্রতি রান তুলতে থাকেন চার করে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ও ডেনজা হায়াট ১৬ ওভার ১ বলে ৭১ রানের চমৎকার একটি ভিত্তি গড়ে দেন। ফলে পরের দিকের ব্যাটসম্যানদের আর কষ্ট করতে হয়নি। শেষের দিকে ওভার প্রতি রান তোলার গড় অবশ্য ৫-এ গিয়ে ঠেকে।
সাকিব আল হাসানের বলে লং-অফ সীমানার কাছাকাছি জায়গা থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে রুবেল হোসেনের ক্যাচ লুফে নেয়ার আগে হায়াট করেন ৩৯। তিনি তার ৪৬ বলের ইনিংসে সীমানার ওপারে বল পাঠান দুবার। এছাড়া চারবার পাঠান হাওয়ায় ভাসিয়ে।
এরপর ওয়েস্ট ইন্ডিজের ইনিংস হোঁচট খায় কেবল একবার। শতকের পথে হাঁটছিলেন সিমন্স। কিন্তু বাধ সাধেন সাকিব। তার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান সিমন্স। তার ১২৫ বলে ৮০ রানের ইনিংসে চার রয়েছে তিনটি ও ছক্কা একটি।
সিমন্সের ফিরে যাওয়ার পর ড্যারেন ব্রাভো এসে জুটি বাঁধেন মারলন স্যামুয়েলসের সঙ্গে। দেখেশুনে ব্যাট করে দলকে পৌঁছে দেন তারা কাক্সিক্ষত ঠিকানায়।
শেষ পর্যন্ত ৮৮ রানে অপরাজিত থাকেন স্যামুয়েলস। ৭৪ বল খেলে ১২টি চার ও একটি ছক্কা মারেন তিনি। অপর অপরাজিত ব্যাটসম্যান ব্রাভোর ব্যাট থেকে আসে ১ রান।
বাংলাদেশের পক্ষে দুটো উইকেটই নেন সাকিব। এ জন্য তার খরচ হয় ৩০ রান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমেই দিশে হারিয়ে ফেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিন্তু তারই মধ্যে অবিচল ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। আক্ষরিক অর্থেই অধিনায়কের মতোই ব্যাট করেন তিনি। ১৮ রানে চার উইকেট হারানোর পর বিশ্বকাপের সেই ৫৮ রানের শঙ্কা পেয়ে বসেছিল বাংলাদেশের সমর্থকদের মনে। কিন্তু তা দূর করেন তিনি অলক কাপালী ও নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে।
পঞ্চম উইকেট জুটিতে কাপালীকে নিয়ে ৪০ ও ষষ্ঠ উইকেট জুটিতে নাঈমকে নিয়ে দলের সঙ্গে ৫৭ রান যোগ করেন মুশফিক। বাংলাদেশেরও রান টপকে যায় এক শ'।
এরপর সপ্তম ব্যাটসম্যান হিসেবে মুশফিক যখন বিদায় নেন তখন দলের রান ছিল ঠিক ১৫০। তিনি তার ১০৯ বলের ইনিংসটি সাজান দুটো চার ও একটি ছক্কা দিয়ে।
ভালোই খেলছিলেন অধিনায়ক। আন্দ্রে রাসেলের ঠুকে দেয়া বলে পুলটা তিনি একেবারে খারাপ করেননি। কিন্তু সীমানাও পার করতে পারেননি। ডিপ-স্কয়ার লেগে ধরা পড়েন তিনি স্যামুয়েলসের হাতে। মুশফিক শটটি যখন নেন, তখন ছক্কা হবে মনে করে উল্লসিত হয়ে উঠেছিলেন দর্শকরা। কিন্তু স্যামুয়েলসের হাতে বল জমা পড়ার সঙ্গে সঙ্গে চুপ মেরে যায় স্টেডিয়াম।
মুশফিক যেখানে শেষ করেন, ঠিক সেখান থেকেই শুরু করেন নাসির হোসেন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামির বলে শেষ ব্যাটসম্যান হিসেবে বোল্ড হওয়ার আগে ৫০ রান করেন তিনি। এটি তার একদিনের ক্রিকেট-জীবনের দ্বিতীয় অর্ধশতক। তার ৫৪ বলের ইনিংসে ৩টি চার ও একটি ছক্কা রয়েছে।
কিন্তু এর আগে আব্দুর রাজ্জাক ও শফিউল ইসলামকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেট জুটিতে ৪১ ও নবম উইকেট জুটিতে ২৯ রান তুললে বাংলাদেশের রান দু' শ' টপকে যায়। বোলাররাও পেয়ে যান বল করার মতো পুঁজি।
রাজ্জাক ২৫ রান করেন ১৯ বলে তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে। আর ৪ রান করেন শফিউল।
এর আগে বাংলাদেশের ইনিংসের শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। স্কোর বোর্ডে ১৮ রান জমা হতেই নেই চার উইকেট। রবি রামপালের প্রথম বলে এক রান নেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। চতুর্থ বলে উইকেটের পেছনে দিনেশ রামদিনের হাতে ধরা পড়লেন ইমরুল কায়েস (০)। ইনিংসের দ্বিতীয় ও কেমার রোচের প্রথম ওভারের প্রথম বলেই তামিম ইকবাল পথ ধরলেন ইমরুলের। চুতর্থ বলে উইকেট বিলিয়ে দিলেন মোহাম্মদ আশরাফুল (০)।
স্কোর বোর্ডের অবস্থা তখন ভয়ঙ্কর। তামিমের ওই ১-এর পর আর কোনো রান জমা হয়নি দলের মোট সংগ্রহের সঙ্গে। দলীয় ১৮ রানের মাথায় বিদায় নেন সাকিব আল হাসান। তখন অনেকের মনে হয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপের সেই ৫৮ রান কি আদৌ টপকাতে পারবে?
শট বাছাই করা নিয়ে যে কথা বহুদিন ধরে বলা হচ্ছে, নিজেরাও বলছেন; মাঠে নেমেই সে কথাই যেন ভুলে গেলেন ইমরুল, তামিম, আশরাফুল ও সাকিব। ভুল থেকে শিক্ষা না নিয়ে চারজনই মেতে উঠলেন অতিথিদের উইকেট বিলিয়ে দেয়ার প্রতিযোগিতায়। জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালালেন ইমরুল। ব্যাট ছুঁয়ে বল জমা পড়লো উইকেটরক্ষক দিনেশ রামদিনের হাতে।
অফ-স্ট্যাম্পের বাইরের বল তাড়া করে ড্রাইভ করলেন তামিম। ব্যাটের বাইরের দিকে লেগে বল চলে যায় থার্ড ম্যানে। ক্যাচটি লুফে নিতে আন্দ্রে রাসেলকে জায়গা থেকে কষ্ট করে নড়তেও হয়নি।
থার্ডম্যান অঞ্চলে বল ঠেলে দেয়ার চেষ্টা করেন মোহাম্মদ আশরাফুল। তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন যে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। বল জমা পড়লো গিয়ে তারই হাতে।
সাকিবও ড্রাইভ করলেন জায়গায় দাঁড়িয়ে। ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটের পেছনে। ক্যাচটি লুফে নিতে কোনো অসুবিধা হয়নি দিনেশ রামদিনের।
সাকিবের বিদায়ের পর অলক কাপালীকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন মুশফিক। দলের সঙ্গে ৪০ রান যোগ করে এ কাজে সফল হতে না হতেই বিদায় নেন কাপালী (২০)।
শুরুতে শর্ট বল স্বাচ্ছন্দের সঙ্গে খেলতে পারছিলেন না কাপালী। কিন্তু সময় গড়ানোর সঙ্গে ধাতস্ত হয়ে ওঠেন। শেষ পর্যন্ত অবশ্য ওই শর্ট বলেরই বলি হন তিনি। কেমার রোচের ঠুকে দেয়া বলে পুল করেন কাপালী। কিন্তু প্রত্যাশার চেয়ে বল কিছুটা দ্রুত আসায় ঠিক মতো খেলতে পারেননি তিনি। বল উঠে যায় আকাশে। ছোট বৃত্তের উপড় ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি লুফে নেন সিমন্স। ৪৩ বল খেলে তিনটি চার মারেন তিনি।
ষষ্ঠ উইকেট জুটিতে ৫৭ রান তুলে ইনিংস মেরামত করে দলকে এগিয়ে নেয়ার কাজ যখন শুরু করেন মুশফিক ও নাঈম ইসলাম, ঠিক তখনই আঘাত হানেন স্যামুয়েলস। তার বলটি খেলেন নাঈম সামনের পায়ে ভর দিয়ে। কিন্তু ঠিক মতো ব্যাটে নিতে পারেননি। বল চলে যায় বোলারের কাছে। এর চেয়ে সহজ ক্যাচ মনে হয় এর আগে আর কখনো ধরেননি স্যামুয়েলস।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ ৩ উইকেট নেন ৪৯ রানে। আর দুটো করে উইকেট নেন রবি রামপাল ও স্যামি। এ জন্য রামপাল দেন ২৭ রান ও স্যামি ৪২।
এর আগে টি-টোয়েন্টি ও প্রথম একদিনের খেলাতেও টস জেতেন বাংলাদেশ অধিনায়ক। তবে দু'বারই ব্যাট করতে পাঠান প্রতিপক্ষকে।
সফরে ওয়েস্ট ইন্ডিজ আরেকটি একদিনের ম্যাচ ছাড়াও দুটো টেস্ট খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১০১ ঘ.
bdnews24