ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে ইংল্যান্ডকে হারাতে পারল ভারত। ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি, টেস্ট ও ওয়ানডে সিরিজে সব ম্যাচ হেরে আসে ভারত। এবার ভারত সফরে প্রথম ম্যাচেই হারল ইংল্যান্ড।
১২৬ রানের এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ১৭ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা।
শুক্রবার হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নার অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ৩০০ রান করে ভারত। জবাবে অধিনায়ক অ্যালিস্টার কুকের অর্ধশতকের পরও ৩৬ ওভার ১ বলে ১৭৪ রানে থেমে যায় ইংল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা মোটেও ভালো হয়নি। ৪০ রানের মধ্যে সাজঘরে ফিরে যান ক্রেস কিসওয়েটার (৭) ও কেভিন পিটারসেন (১৯)।
তৃতীয় উইকেটে কুক ও জনাথন ট্রট ৭১ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যান। দলীয় ১১১ রানে কুক (৬০) বিদায় নিলে আবারো চাপে পড়ে সফরকারীরা। কুক তার ৬৩ বলের ইনিংসটি সাজান ৭টি চার দিয়ে।
আর ৯ রান যোগ করার পর সাজঘরের পথ ধরেন ট্রটও (২৬)। এর পর আরো ২৮ রান যোগ করতে আরো ৪ উইকেট হারায় ইংল্যান্ড।
এর পর আর বেশি দূর এগোয়নি সফরকারীদের ইনিংস। ৮৩ বল অব্যবহৃত থেকেই শেষ হয় তাদের ইনিংস।
ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন ৩টি করে উইকেট নেন। এজন্য জাদেজা দেন ৩৪ রান। অশ্বিন ৩৫।
এর আগে ব্যাট করতে নেমে ৭৯ রানের মধ্যে সাজঘরে ফিরে যান পার্থিব প্যাটেল (৯), অজিঙ্কিয়া রাহানে (১৫) ও গৌতম গম্ভির (৩২)।
চতুর্থ উইকেটে বিরাট কোহলি ও রায়না ৪৪ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। কিন্তু উইকেটে সেট হয়েও কোহলি (৩৭) বিদায় নিলে আবারো চাপে পড়ে ভারত। দলকে সেখান থেকে টেনে তুলেন রায়না ও ধোনি।
পঞ্চম উইকেটে ৭২ রান যোগ করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান তারা। দলীয় ১৯৫ রানে রায়না (৬১) বিদায় নিলেও অবিচল ছিলেন ধোনি। রায়না তার ৫৫ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ২টি ছয় দিয়ে।
ষষ্ঠ উইকেটে ধোনি ও জাদেজা যোগ করেন আরো ৬৫ রান। ২৭ রান জাদেজা বিদায় নেয়ার সংগ্রহ ২৬০ রান।
শেষ পর্যন্ত ৮৭ রানে অপরাজিত ছিলেন ধোনি। তার ৭০ বলের ইনিংসে ১০টি চার ও ১টি ছয় রয়েছে।
ইংল্যান্ডের পক্ষে চারজন বোলার একটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২১১ ঘ.
bdnews24