ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজের প্রথম ওয়ানডে হেরে গেলেও শনিবার দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী শাহরিয়ার নাফীস।
শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, "প্রথম ম্যাচ হেরে গেলেও আমাদের আত্মবিশ্বাসে চিড় ধরেনি। শনিবারের ম্যাচ নিয়ে আমরা সবাই আত্মবিশ্বাসী। এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। এটা আমাদের সিরিজে টিকে থাকার ম্যাচ।"
"টি-টোয়েন্টিতে আমরা জিতেছি। প্রথম ওয়ানডেতেও আমাদের আরো ভালো করা উচিৎ ছিল। কিন্তু ওরা খুব ভালো ব্যাটিং করেছে বলেই আমরা পেরে উঠিনি," যোগ করেন তিনি।
উইকেট প্রসঙ্গে নাফিস বলেন, "মিরপুরের উইকেট সাধারণত স্পিন সহায়ক। যদিও বৃহস্পতিবার বল তেমন টার্ন করেনি। সেজন্য ওরাও সাবলীলভাবে ব্যাট করতে পেরেছে। এ ধরনের উইকেটে খেলা হলে আমাদের আরও ভালো বোলিং করতে হবে।"
"আশা করি দ্বিতীয় ম্যাচে আমাদের স্পিনাররা টার্ন পাবেন," যোগ করেন তিনি।
তিনি বলেন, "উইকেট সম্পর্কে অধিনায়ক মুশফিকুর রহিম যে কথাটা বলেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারের উইকেটে বল তেমন ঘোরেনি। এটাই দুদলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। টি-টোয়েন্টিতে কিন্তু বল ভালো টার্ন করেছিল।"
"যত দূর জানি টি-টোয়েন্টির উইকেটেই দ্বিতীয় ওয়ানডে হবে। আর তাহলে অবশ্যই বল ঘুরবে আর আমরাও ভালো কিছু করতে পারবো। সেক্ষেত্রে এই ম্যাচ থেকে ইতিবাচক ফল আদায় করে নেয়াও সম্ভব," যোগ করেন তিনি।
বৃহস্পতিবার বল টার্ন করেনি নাকি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা ভালো খেলেছেন জানতে চাইলে নাফীস বলেন, "প্রথম ম্যাচে ওরা ভালো খেলেছে ঠিকই, তবে বল তেমন টার্ন করেনি বলেই বড় জুটি গড়তে পেরেছে। টি-টোয়েন্টিতে কিন্তু পারেনি।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমার কাছে মনে হয় বল টার্ন করানোর জন্য উইকেট খুব গুরুত্বপূর্ণ। সাধারণত স্বাগতিক দলের সুবিধা অনুযায়ী উইকেট তৈরি করা হয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রথম ওয়ানডেতে আমরা তা পাইনি।"
"অনেক সময় ছোট-ছোট টার্নই ব্যাটসম্যানকে সমস্যায় ফেলে দিতে পারে। আমার বিশ্বাস শনিবার অল্প টার্ন পেলেও আমাদের স্পিনাররা ওদের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারবেন," যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২৭ঘ.
bdnews24