২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিচ নিয়ে মুশফিকের হতাশা

মঙ্গলবার টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন, ওয়ানডে সিরিজেও এই পিচেই খেলতে চান তারা। কিন্তু প্রথম ওয়ানডেতে তা না পেয়ে ভীষণ হতাশ তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন, ওয়ানডে সিরিজেও এই পিচেই খেলতে চান তারা। কিন্তু প্রথম ওয়ানডেতে তা না পেয়ে ভীষণ হতাশ তিনি। বৃহস্পতিবার প্রথম ওয়ানডে শেষে এক সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, "টি-টোয়েন্টি যে পিচে খেলা হয়েছিল এটি তেমন পিচ নয়। এখানে স্পিনাররা তেমন টার্ন পান নি।" ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনটিই প্রত্যাশা মেটাতে পারেনি মুশফিকের। ৪০ রানে হারের কারণ হিসেবে তিন বিভাগেই ভালো না করতে পারার কথা বলেছেন তিনি। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের স্পিনাররা তেমন সুবিধা করে উঠতে পারেননি। দুই বাঁহাতি আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসানকে সাবলীলভাবেই খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। এর কারণ হিসেবে প্রতিপক্ষের ভালো ব্যাটিংয়ের পাশাপাশি পিচ থেকে সহায়তা না পাওয়ার কথাও বললেন অধিনায়ক হিসেবে জীবনের প্রথম ওয়ানডেতেই হারের তেতো স্বাদ পাওয়া মুশফিক। তিনি বলেন, "পিচ থেকে সহায়তা পাওয়া আমাদের স্পিনারদের জন্য খুবই জরুরী। কিন্তু আজকের (বৃহস্পতিবারের) পিচ থেকে তারা তেমন সহায়তা পাননি।" "স্পিনাররা খুব খারাপ বল করেছেন এমন কথা বলবো না। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা ভালো ব্যাট করেছেন। পেসাররা ভালো বল করলেও শুরুতে উইকেট না পড়ায় দলের মধ্যে একটু হতাশা চলে আসে," যোগ করেন তিনি। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নাঈম ইসলামের খেলার কারণ হিসেবে বলেন, "ওয়েস্ট ইন্ডিজের ৪৯তম ওভারে ইমরুল গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। আইসিসির নিয়ম অনুযায়ী অন্য একজনকে তামিম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধন করতেই হতো। আমরা সবাই মিলে আলোচনা করেই নাঈম ইসলামকে উদ্বোধন করতে পাঠিয়েছি।" "প্রস্তুতি ম্যাচে নাঈম অনেক রান করেছেন। শুরুতে একটু ধীরে খেললেও পরে কিন্তু তিনি রান তোলার গতি বাড়িয়েছেন। তিনি বা ইমরুলের যে কোনো একজন বড় ইনিংস খেলতে পারলে আমরা জিততেও পারতাম," যোগ করেন মুশফিক। ব্যাটিং পাওয়ার প্লেতে বাংলাদেশের ব্যর্থতা সম্পর্কে তিনি বলেন, "ওই সময়ে ২৫ ওভারে ১৯৯ রান প্রয়োজন ছিল। ইমরুল ও নাঈম তখন অনেকক্ষণ ধরে খেলছেন। সেজন্যই পাওয়ার প্লে নেয়া হয়। কারণ তখন ওদের মূল বোলারদেরই বল করতে আসার কথা। ফলে সেই বোলারদের ওভার যেমন শেষ হতো তেমনি রান তোলার গতি বেড়ে যাওয়ার সম্ভানাও ছিলো।" "প্রথম তিন ওভার তারা ভালোই খেলেছেন। কিন্তু শেষ দুই ওভারে সব কিছু এলোমেলো হয়ে যায়। তারা পাওয়ার প্লের¬ শেষ পর্যন্ত খেলতে পারলে ফলাফল অন্যরকমও হতে পারতো," যোগ করেন তিনি। নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করার পাশাপাশি প্রতিপক্ষের অকুণ্ঠ প্রশংসাও করেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, "আমি আগেই বলেছি, আমাদের হারাতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে ওদের। তেমনি ওদের হারাতে হলে আমাদেরও সেরা ক্রিকেট খেলতে হবে। আজ ভালো খেলতে পারিনি। আশা করি পরের ম্যাচে ভালো খেলবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৫৬ঘ.