২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রতিশোধের সিরিজ

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুক্রবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুক্রবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায়। এপ্রিলে বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ড সফরে নাস্তানাবুদ হওয়া ভারতের জন্য এটা নিঃসন্দেহে প্রতিশোধের সিরিজ। অন্যদিকে ইংল্যান্ডের লক্ষ্য ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাওয়া সাফল্যজনিত আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আরেকটি সিরিজ জয়। ইংল্যান্ড সফরে চারটি টেস্ট ও একমাত্র টি-টোয়েন্টিতে তো হেরেছেই, এমনকি কোনো ওয়ানডেও জিততে পারেনি ভারত। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ স্বাগতিকরা জিতেছে ৩-০ ব্যবধানে। একটি টাই হয়েছে, অন্যটি বৃষ্টিতে পরিত্যক্ত। ঘরের মাঠে ইংল্যান্ডের সঙ্গে তাই কঠিন পরীক্ষার সামনে মহেন্দ্র সিং ধোনির ভারত। চোটের কারণে শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, জহির খান, যুবরাজ সিংদের মতো তারকাদের অনুপস্থিতি কাজটা আরো কঠিন করে দিয়েছে স্বাগতিকদের জন্য। তবু সাফল্যের ব্যাপারে আশাবাদী ধোনি। ভারতের অধিনায়ক বলেন, "নতুন মৌসুমটা জয় দিয়ে শুরু করাই আমাদের লক্ষ্য। আমরা হয়তো ইংল্যান্ডে নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারিনি। কিন্তু ইংল্যান্ড সফরের ঠিক আগে ক্রিকেটের সবচেয়ে বড় পুরস্কার বিশ্বকাপ জিতেছি। গত তিন মৌসুমের নৈপুণ্যও আমাদের পক্ষে কথা বলছে।" "আমি মনে করি আমাদের ঘুরে দাঁড়ানো শুধুই সময়ের ব্যাপার" যোগ করেন ধোনি। ভারতের জন্য সুখবর, চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন গৌতম গম্ভীর। ধোনি, সুরেশ রায়না ও সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে দারুণ ব্যাট করা বিরাট কোহলির উপস্থিতিও তাদের অনুপ্রাণিত করতে পারে। যদিও অ্যালিস্টার কুক, ক্রেইগ কিসওয়েটার, জোনাথন ট্রট, ইয়ান বেল ও কেভিন পিটারসেনকে নিয়ে গড়া ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ কিছুটা হলেও স্বাগতিকদের চেয়ে এগিয়ে। গ্রায়েম সোয়ানের অফস্পিনও বিপদে ফেলতে পারে ধোনির দলকে। তবে দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের অনুপস্থিতি ইংল্যান্ড অনুভব করবেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১১০ঘ.