ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'ফোন-হ্যাকিং' করে 'স্পট ফিক্সিং' নিয়ে খবর সংগ্রহ ও তা প্রকাশ করার কথা উড়িয়ে দিয়েছেন ছদ্মবেশী সাংবাদিক মাজহার মাহমুদ।
লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে বুধবার পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আসিফের আইনজীবী নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর সাংবাদিক মাজহার মাহমুদের কাজে জানতে চান, 'স্পট ফিক্সিং' নিয়ে খবর সংগ্রহের সময় তিনি 'ফোন হ্যাকিং' (ভয়েসমেইল মেসেজ) করেছিলেন কি না? প্রায় সঙ্গে সঙ্গে একথা মাহমুদ নাকচ করে দেন।
খবর সংগ্রহের জন্য অবৈধ 'ফোন হ্যাকিং' করার অভিযোগে প্রত্রিকাটি জুলাইয়ে বন্ধ করে দেয়া হয়।
আদালতে মাহমুদ বলেন, 'স্পট ফিক্সিং' নিয়ে খবর প্রকাশের পর থেকে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে।
লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে নো-বল করেন মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমের। আর এতে নাটের গুরুর ভূমিকা পালন করেন তখনকার টেস্ট অধিনায়ক সালমান বাট।
পরে বাট, আসিফ ও আমেরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ নেয়ার পাশাপাশি প্রতারণার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়। অপর অভিযুক্ত খেলোয়াড়দের এজেন্ট মাজহার মাজিদের বিরুদ্ধেও আনা হয় একই অভিযোগ। তবে বাট ও আসিফের সঙ্গে অপর দু'জনের বিচার করা হচ্ছে না।
এরই মধ্যে দোষী সাব্যস্ত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ট্রাইবুন্যাল পাঁচ বছরের মুলতবী নিষেধাজ্ঞাসহ সালমানকে দশ বছর, দু'বছরের মুলতবী নিষেধাজ্ঞাসহ আসিফকে সাত বছর ও আমেরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে।
এই রায়ের বিরুদ্ধে সুইজারল্যান্ডের ক্রীড়া বিষয়ক একটি আদালতে আপিল করেছেন তিন খেলোয়াড়ই।
মাহমুদ আদালতে বলেন, মাজিদের টেলিফোনের কয়েকটি মেসেজ তাকে দেন তার গোপন একজন সংবাদদাতা। এতে দেখা যায়, বহুদিন ধরে চলছে ম্যাচ পাতানোর এই ব্যাপার-স্যাপার।
এই সংবাদদাতাকে অনেক দিন ধরে তিনি চেনেন বলে উল্লেখ করে বলেন, মেসেজগুলো দেয়ার জন্য তিনি তাকে পয়সা-কড়িও দিয়েছেন।
তবে তিনি জোর দিয়ে বলেন, 'ফোন হ্যাকিং'র সঙ্গে তার খবর সংগ্রহের কোনো সম্পর্ক নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫০ ঘ.
bdnews24