ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক শহীদ আফ্রিদিকে বেকায়দায় ফেলতে ইচ্ছাকৃতভাবে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচে হেরে যাওয়ার পরিকল্পনা করেছিলো পাকিস্তানের ক্রিকেটাররা।
লন্ডনের সাউথক্রাউন কোর্টে বন্ধ হয়ে যাওয়া যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা 'নিউজ অফ দ্য ওয়ার্ল্ড'র সাংবাদিক মাজহার মাহমুদের পেশ করা অডিও বার্তা থেকে এই তথ্য জানা গেছে। এজেন্ট মাজহার মাজিদ ছদ্মবেশে আসা মাহমুদকে এ কথা বলেছিলেন।
মঙ্গলবার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও শুনানীতে উপস্থিত জুরী বোর্ডের সদস্যরা মাহমুদ ও মাজিদের মধ্যে কথোপকথনের ভিডিও চিত্র দেখেন। ভিডিও চিত্রে দেখা যায়, মাহমুদ মাজিদকে এক লাখ চল্লিশ হাজার পাউন্ড তুলে দিচ্ছেন এবং মাজিদ অর্থ হাতে পাওয়ার পর তা গুনছেন।
আর অডিও বার্তায় মাজিদকে বলতে শোনা যায়, "ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক আফ্রিদিকে পাকিস্তানের অনেক খেলোয়াড়ই পছন্দ করে না। কারণ আফ্রিদি সব কিছুতেই বাগড়া বাধায়। তারা (পাকিস্তানী ক্রিকেটাররা) সবাই চায় বাট (সালমান) অধিনায়ক হোক। তাই তারা হারবে বলে ঠিক করেছে।"
মাজিদ আরো বলেন, "টি-টোয়েন্টি এবং ওয়ানডে থেকে আমরা বিপুল পরিমান অর্থ আয় করতে যাচ্ছি। টি-টোয়েন্টির কথায়ই ধরুন - বোলাররা যত বেশি সম্ভব রান দেবে। আর দুই উদ্বোধনী ব্যাটসম্যান বাট ও কামরান (আকমল) প্রথম দুই অথবা তিন ওভার নষ্ট করবে। টি-টোয়েন্টিতে বিষয়টা ( ম্যাচ পাতানো) অনেক বেশি সহজ।"
গত অগাস্টে লর্ডস টেস্টে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফের বিরুদ্ধে মাজিদের সঙ্গে যোগসাজশে উঠতি বোলার আমিরকে দিয়ে ইচ্ছাকৃতভাবে 'নো' বল করান - এ অভিযোগের প্রেক্ষিতে আদালতে তাদের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র ও অবৈধ অর্থগ্রহণের মামলা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২১২৭ ঘ.
bdnews24