ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাষ্ট্রায়ত্ত ব্যাংক 'জেটিবিএল'র সভাপতি ও ব্যবসায়ী জাকা আশরাফ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন সভাপতি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও পাকিস্তানের সংবাদ মাধ্যমে নতুন সভাপতি হিসেবে আশরাফের নামই শোনা যাচ্ছে।
বর্তমান সভাপতি ইজাজ বাটের মেয়াদ গত ৮ অক্টোবর শেষ হয়। তবে বিশেষ বিবেচনায় এখনো সভাপতির পদে বহাল রয়েছেন তিনি। এমনকি ১০ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভায় পিসিবি'র পক্ষ থেকে প্রতিনিধিত্বও করেন বাট।
বিভিন্ন বেসরকারী টেলিভিশনে এরই মধ্যে আশরাফকে সাক্ষৎকার দিতে দেখা গেছে। এক সাক্ষাৎকারে আশরাফ বলেন, "আমার প্রতি রাষ্ট্র্রপ্রতি জারদারির (আসিফ আলী জারদারি) আস্থা আছে এবং সেটা ধরে রাখতে আমি দিন-রাত কাজ করতে প্রস্তুত। আমার প্রধান লক্ষ্যই হবে পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং ক্রিকেট নিয়ে বাজি ও পাতানো খেলা বন্ধ করা।"
বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড বিশেষ করে ভারতী ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কের উন্নতি সাধনেও কাজ করবেন বলে জানান আশরাফ। তিনি বলেন, "ভারত ও পাকিস্তানের মানুষ ক্রিকেট ভালোবাসে। তাদের বন্ধন দৃঢ় করার চেষ্টা করবো আমি।"
পাকিস্তানের অন্যতম সেরা রাষ্ট্রায়ত্ত ব্যাংক জেটিবিএল'র সভাপতি পদে তিন বছর থাকার পর গত ৩ সেপ্টেম্বর দায়িত্ব থেকে অব্যাহতি নেন আশরাফ। পাশাপাশি পাকিস্তান সুগার মিল অ্যাসোসিয়েশনের সহকারী প্রধান হিসেবেও কাজ করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২০৫১ ঘ.
bdnews24