ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৫৮ রানের লজ্জা এবার ভুলতে চায় বাংলাদেশ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যে লজ্জায় ডুবেছিল বাংলাদেশ এবার ওখান থেকে মাথা উঁচু করে ফিরতে চায় তারা।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ একদিনের সিরিজের প্রথমটিতে দুপুর দেড়টায় মাঠে নামবে বাংলাদেশ।
দুই দল এখন পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১২টিতে আর বাংলাদেশের জয় ৩ ম্যাচে। বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।
জয় দিয়ে এবারের সিরিজ শুরু করতে পারায় প্রথম ওয়ানডেতে স্বাভাবিকভাবেই মানসিক দিন দিয়ে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ। এছাড়া দলের জন্য অনুপ্রেরণা হতে পারে ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফর। সেবার ৩-০ তে ওয়ানডে সিরিজ জিতেছিলো বাংলাদেশ।
ওই সফরে বাংলাদেশের অন্যতম বড় অস্ত্র ছিলেন সিরিজ সেরা সাকিব আল হাসান ও মোহাম্মদ আশরাফুল।
এবারও তাদের কাছ থেকে তেমন পারফমেন্সই চায় দল।
এ বছর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের উদ্বোধনী জুটি তামিম ইকবাল-ইমরুল কায়েস ব্যর্থ ছিলেন। মঙ্গলবার একমাত্র টি-টোয়েন্টিতে তামিম তেমন কিছু করতে না পারলেও ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন ইমরুল।
এদিকে টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নতুন অধিনায়ক মুশফিকুর রহিম। ওয়ানডে সিরিজেও এর রেশ ধরে রাখতে চাইবেন তিনি।
জ্বরের কারণে এখনো অনেকটাই অনিশ্চিত সহঅধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার বদলে নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পেতে পারেন নাসির হোসেন। জিম্বাবুয়েতে দুই ম্যাচে ভালো ব্যাট করা শুভাগত হোম চৌধুরী ফিরতে পারেন দলে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন অলক কাপালী।
মিরপুরে বাংলাদেশের অনেক স্মরণীয় জয়ের নায়ক বোলাররা। বিশেষ করে বাঁহাতি স্পিনাররা। এবারও তাদের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ দল।
এবার অবশ্য মুশফিকের হাতে অনেক বিকল্প আছে। দুই বাঁহাতি সাকিব আল হাসান ও আব্দুর রাজ্জাকের পাশাপাশি নাঈম, আশরাফুল, নাসিরদের স্পিনও বিপদে ফেলতে পারে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের।
সেই তুলনায় পেস আক্রমণে বাংলাদেশ এখনো কিছুটা দুর্বল। তবে শফিউল ইসলাম, রুবেল হোসেনরা শুরুতে উইকেট এনে দিতে পারলে ওয়েস্ট ইন্ডিজ চাপে পড়বে।
টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও রাজ্জাককে দিয়ে বোলিং শুরু করতে পারে বাংলাদেশ।
এদিকে বাংলাদেশে এসে এখন পর্যন্ত অতিথিদের উদ্বোধনী ব্যাটসম্যানদ্বয় জ্বলে উঠতে পারেনি। নিজের খেলা খেলতে পারেননি ড্যারেন ব্র্যাভো ও ড্যানজা হায়াট।
অধিনায়ক ড্যারেন স্যামিকে আশা দেখাচ্ছেন কেবল মারলন স্যামুয়েলস। স্যামুয়েলস এরই মধ্যে প্রস্তুতি টি-টোয়েন্টি ম্যাচে শতক হাঁকিয়েছেন। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন অর্ধশতক। তিনি যদি রানের এই ধারা বজায় রাখতে পারেন তবে বিপদে পড়তে পারে স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজের জন্য সবচেয়ে বড় সুখবর কাইরন পোলার্ডের দলে ফেরা। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টিতে না খেলায় মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে দর্শক হয়েই থাকতে হয়েছে পোলার্ডকে। তবে ওয়ানডে দলে ঠিকই খেলবেন তিনি। স্বমূর্তি ধারণ করলে বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারেন পোলার্ড। ভারতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেলে আসার কারণে উপমহাদেশের পরিবেশের সঙ্গে অকেনটাই পরিচিত তিনি। তাকে দ্রুত ফেরাতে হবে বাংলাদেশের বোলারদের।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান শক্তি পেস আক্রমণ। স্যামি-রাসেলের সঙ্গে দলে আছেন রবি রামপাল, কার্লোস ব্র্যাথওয়েইট ও কেমার রোচ। বিশ্বকাপের ওই ম্যাচে তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিক ও মোহাম্মদ আশরাফুলকে ফিরিয়ে দিয়েছিলেন রোচ।
আর স্পিন আক্রমণে রয়েছেন দেবেন্দ্র বিশু ও অ্যান্থনি মার্টিন।
সব মিলিয়ে কাগজে-কলমে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকলেও স্বাগতিক হওয়ার সুবাদে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবেই। গ্যালারি ভরা দর্শকের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের বড় প্রাপ্তি। এটাও মাথায় রাখতে হবে স্যামিদের।
বাংলাদেশের নতুন অধিনায়ক মুশফিক চেয়েছিলেন একটা ভালো শুরু। সেই শুরু হয়েছে এখন কেবল তার ধারাবাহিকতা রক্ষা করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০১৯ ঘ.
bdnews24