ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে ক্রিকেটে ১ অক্টোবর থেকে কয়েকটি নতুন নিয়ম চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে মাঠে ওই নিয়মের প্রথম প্রয়োগ হবে বৃহস্পতিবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৩ অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে দল দুটি। দিন-রাতের ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
আইসিসি নতুন যে নিয়মগুলো অন্তর্ভূক্ত করেছে সেগুলো হলো, দুই প্রান্তে নতুন দুই বল দিয়ে খেলা শুরু হবে, ১৬ থেকে ৪০ ওভারের মধ্যে ব্যাটিং ও বোলিং 'পাওয়ার প্লে' নেয়া বাধ্যতামূলক এবং ব্যাটসম্যান রানার নিয়ে খেলতে পারবেন না।
জুনে আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই নিয়মগুলো অনুমোদন পায়।
নতুন এই নিয়মে খেলতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। বিসিবি কাপে নতুন নিয়মগুলো মেনেই খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই প্রস্তুতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাজে লাগবে বলে বিভিন্ন সময় বলেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদরা।
দুটি নতুন বল ব্যবহার করায় পেসারদের রিভার্স সুইং পাওয়ার সম্ভাবনা বেশ কমে যাবে এবং সেই সঙ্গে স্পিনাররা নতুন চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে অনেক ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন।
যদিও বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাক বিষয়টিকে সুবিধা হিসেবেই দেখছেন।
তিনি বলেন, "আমার জন্য বল যত নতুন থাকে তত সুবিধা। নতুন বলে বল করে আমি অভ্যস্ত। দলের অন্য স্পিনারাদেরও কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না।"
সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের পক্ষে প্রথম ওভারটি করেন রাজ্জাক।
রাজ্জাক যেখানে ভাবছেন দলের বোলারদের তেমন কোনো সমস্যা হবে না সেখানে নতুন নিয়মে ব্যাটসম্যানদের বাড়তি সুবিধা হবে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড।
তিনি বলেন, "বল নতুন থাকলে শ্লথ উইকেটেও বল দ্রুত ব্যাটে আসবে। এতে ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পাবেন।"
এদিকে নতুন বল ব্যবহার করায় পেসাররাও সুবিধা পাবেন বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ সারোয়ার ইমরান। তিনি বলেন, "এখন পেসারদের জন্যও বাড়তি কিছু করার সুযোগ তৈরি হয়েছে। কারণ বল অনেক ওভার পর্যন্ত নতুন থাকলে পেসাররা বাড়তি সুইং পেতে পারেন। তবে এজন্য দলে উঁচু মানের পেসার থাকতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮১৯ ঘ.
bdnews24