২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দে আত্মহারা মুশফিক

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয়। জিতেছেন টসও। ম্যাচ-সেরার পুরস্কার, শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে দলকে জেতানো আর চার বছরের অপেক্ষার অবসান তার হাত ধরে। এর চেয়ে ভালো কিছু হওয়া সম্ভব নয়। ওয়েস্ট ইন্ডিজকে একমাত্র টি-টোয়েন্টিতে হারিয়ে বাংলাদেশের নতুন অধিনায়ক মুশফিকুর রহিম তাই আনন্দে আত্মহারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয়। জিতেছেন টসও। ম্যাচ-সেরার পুরস্কার, শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে দলকে জেতানো আর চার বছরের অপেক্ষার অবসান তার হাত ধরে। এর চেয়ে ভালো কিছু হওয়া সম্ভব নয়। ওয়েস্ট ইন্ডিজকে একমাত্র টি-টোয়েন্টিতে হারিয়ে বাংলাদেশের নতুন অধিনায়ক মুশফিকুর রহিম তাই আনন্দে আত্মহারা। জিম্বাবুয়েতে একটি ম্যাচে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েও সফল হননি। তবে এবার শতভাগ সফল মুশফিক। জিম্বাবুয়ের শিক্ষা কাজে এসেছে কিনা জানতে চাইলে মুশফিক বলেন, "নাসির হোসেন ও আমি শেষ ওভার পর্যন্ত টিকে থাকতে পারলে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। কার্লোস ব্র্যাথওয়েইটের করা ১৯তম ওভারে ১৪ রান করার পর আত্মবিশ্বাস আরো বেড়ে যায়।" "আমাদের আত্মবিশ্বাস ছিল শেষ ওভারে ১০/১৫ রান প্রয়োজন হলেও করতে পারবো। শুধু চাইছিলাম আমার সুবিধা মতো একটা বল করুক। ঐ দিকটায় (মিডউইকেট) মাঠ বেশ ছোট। বল মাঝব্যাটে না লাগলেও ওখান দিয়ে ছয় হতে পারে," যোগ করেন তিনি। জয় দিয়ে শুরু করতে পারলে পুরো সিরিজে বাংলাদেশ ভালো করবে সোমবার সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছিলেন মুশফিক। সে কথা মনে করিয়ে দেয়ার পর তিনি বলেন, "সবাই চায় প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখতে। আজকে (মঙ্গলবার) আমরা জিতেছি। আর আগেও বলেছি নির্দিষ্ট দিনে ভালো খেললে যে কেউ জিততে পারে।" "ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করেছি বলেই আমরা জিতেছি। ১৩২ তেমন বড় রান নয়। বোলাররা দারুণ বল করেছেন বলেই তাদের এতো কম রানে বেধে ফেলা গেছে। আর দুর্দান্ত ফিল্ডিং দিয়ে ১০/১২ রানও বাঁচিয়েছি আমরা," যোগ করেন তিনি। মুশফিক বলেন, "আমাদের ব্যাটসম্যানদের শুরুটা ভালো ছিল। সে সময় জয় সহজ হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু মাঝের ওভারগুলোয় ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ভালো বল করেন আর আমাদের ব্যাটসম্যানরাও কিছু বাজে শট খেলেন। তবে শেষের দিকে নাঈম ইসলাম ও নাসির হোসেন আমাকে সঙ্গ দেয়ায় জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছি।" তিনি বলেন, "টি-টোয়েন্টিতে রান করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এখানে অনেক ঝুঁকি নিতে হয়। একেক দিন একেক জন সফল হয়। তবে ওয়ানডেতে ব্যাপারটা তেমন নয়। আশা করি ওয়ানডেতে ব্যাটসম্যানরা ভালো করবেন।" "ব্যাটসম্যানরা কে কী ভুল করেছেন তা তাদের বলা হয়েছে। তারা নিজেরাও ব্যাপারটা বুঝতে পেরেছেন," যোগ করেন তিনি। দিন-রাতের বলে ওয়ানডেতে শিশির সমস্যা করতে পারে বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, "শিশির গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শিশির পড়লে আমাদের স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা হতে পারে। তবে তারপরও আশা করি তারা ভালো বল করবেন। যে কোনো পরিস্থিতিতে তাদের ভালো করার ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৩ঘ.