ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহারে বাধ্যবাধকতা আর থাকছে না। তবে অংশগ্রহণকারী দলগুলো একমত হতে পারলে তা ব্যবহার করতে পারবে।
দুবাইতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্বাহী বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১০ অক্টোবর ওই সভা শুরু হয়।
আইসিসি'র প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, ''ডিআরএস ব্যবহারের ফলে আম্পায়ারের সঠিক সিদ্ধান্তের হার পাঁচ শতাংশ বেড়েছে। তারপরও অনেকেই এই পদ্ধতির ব্যবহার নিয়ে সন্তুষ্ট নন। তবে যারা ডিআরএস ব্যবহারের মাধ্যমে এই পদ্ধতির উন্নতি সাধন করতে চান তারা এখনো এর প্রয়োগ করতে পারবেন। অংশ্রগহণকারী দেশগুলো সিদ্ধান্ত নেবে, তারা ডিআরএস ব্যবহার করবে না কি করবে না। "
সভায় ২০১৫ বিশ্বকাপের 'কোয়ালিফাইং' পদ্ধতিরও অনুমোদন দেয়া হয়। সহযোগী ও অধীভুক্ত দেশগুলো থেকে বাছাই পর্ব পেরিয়ে আসা চারটি দল বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে।
তবে ২০১৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে কি না সেই বিষয়ে একমত হতে পারেনি সংস্থাটির নির্বাহী কমিটি। স¤প্রচার সংক্রান্ত জটিলতায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০১৭ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে আভাস দিয়েছেন প্রধান নির্বাহী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২১৫৮ ঘ.
bdnews24