ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একে তো ঢাকায় প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। তার ওপরে টি-টোয়েন্টিতে চার বছরেরও বেশি সময় পর বাংলাদেশের প্রথম জয় দেখার আকাক্সক্ষা। তাই মঙ্গলবার খেলা দেখতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জনতার ঢল নামে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বশেষ জয় ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে। তার পর থেকে টানা ১২ ম্যাচে কেবলই হার। মঙ্গলবার তার অবসান দেখতে আসে সমর্থকরা।
২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় দেশের মাটিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৩ রানে জিতেছিল বাংলাদেশ।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের খেলা শুরু হয় বিকেল পাঁচটায়। কিন্তু দর্শকরা মাঠে আসা শুরু করেন তিনটা থেকে।
অনেকেই আসেন বাংলাদেশের জার্সি গায়ে। তাদের কারো-কারো মুখে আঁকা বাংলাদেশের মানচিত্র। সব মিলিয়ে মাঠে উৎসব মুখর পরিবেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৪৮ঘ.
bdnews24