২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ জন্যই বই লিখিনি: সৌরভ

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আক্তারের বল খেলতে শচীন টেন্ডুলকারের ভয় পাওয়ার কথা বিশ্বাস করেন না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 05:58 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আক্তারের বল খেলতে শচীন টেন্ডুলকারের ভয় পাওয়ার কথা বিশ্বাস করেন না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। শোয়েব তার আত্মজীবনী গ্রন্থে দাবি করেন যে ২০০৬ সালে ফয়সালাবাদ টেস্টে তার বল স্বচ্ছন্দের সঙ্গে খেলতে পারেননি, বরং বেশ অস্বস্তি বোধ করেছিলেন টেন্ডুলকার। গাঙ্গুলী সাংবাদিকদের বলেন, "আমি তো বটেই, এমন কি আমার মেয়েও বিশ্বাস করে না যে ফাস্ট বোলারদের খেলতে টেন্ডুলকার ভয় পান। তাদের ভয় পেলে আন্তর্জাতিক ক্রিকেটে আপনি কখনো এক শ'টি (টেস্ট ও একদিনের ক্রিকেট মিলে টেন্ডুলকারের শতক ৯৯টি) শতক হাঁকাতে পারতেন না। খেলতেও পারতেন না ২০ বছর ধরে। আপনার সময় ভালোও যেতে পারে, আবার খারাপও যেতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি ফাস্ট বোলারদের খেলতে পারেন না।" শোয়েবের বইয়ের মন্তব্যে গাঙ্গুলী বিস্ময়ের কিছু দেখছেন না। কেননা আগেও এমনটা ঘটেছে। সাবেক ক্রিকেটাররা তাদের বইয়ে বিভ্রন্তিকর তথ্য পরিবেশন করেছেন। সৌরভের কথায়, "এ অভিজ্ঞতা আমার আগেও হয়েছে। শধু শোয়েব কিংবা শহিদ আফ্রিদিই নন; অ্যান্ড্রু ফ্লিনটফ, ম্যাথিউ হেইডেন ও অ্যাডাম গিলক্রিস্টও এ ধরনের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছেন। আর এ কারণেই আমি বই লিখিনি।" হেইডেন তার বইয়ে লেখেন, "২০০৪ সালে অস্ট্রেলিয়ার ভারত সফরকালে নাগপুরের উইকেটে ঘাস দেখে ভয়ে কুকড়ে গিয়েছিলেন গাঙ্গুলী ও হরভজন সিং।" ফ্লিনটফ তার বইয়ে গাঙ্গুলীকে স্বার্থপর ও অলস ক্রিকেটার হিসেবে তুলে ধরে লেখেন, "তার (গাঙ্গুলী) আচরণ ছিল রাজা-গজাদের মতো। গাঙ্গুলী ও ফ্লিনটফ কাউন্টি ক্রিকেট খেলতেন ল্যাঙ্কাশায়ারের হয়ে। এই বইগুলো সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গাঙ্গুলী বলেন, বইগুলো যেভাবে লেখা হয়েছে, তাতে তিনি বিস্মিত যেমন হয়েছেন, হতাশও হয়েছেন তেমনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৪৫ ঘ.