ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে গেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে জাতীয় দলকে অনুপ্রাণিত করতে চান বিসিবি একাদশের অধিনায়ক শাহরিয়ার নাফীস।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রোববারের ওই খেলা শুরু হবে দুপুর একটায়।
বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়ী অধিনায়ক নাফীস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ খেলার চেষ্টা করবো আমরা। আমাদের যে শক্তি আছে সেই অনুযায়ীই প্রস্তুতি নিয়েছি।"
"ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। তাদের বেশ কয়েকজন উঁচু মানের বোলার রয়েছে। এছাড়া তাদের ব্যাটিংও বেশ শক্তিশালী," যোগ করেন নাফীস।
শেষ প্রস্তুতি ম্যাচ জিতে জাতীয় দলকে অনুপ্রেরণা দিতে চান তিনি।
প্রায় একই কথা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ সদস্যের দলে থাকা শুভাগত হোম চৌধুরীর। বিসিবি একাদশ ফতুল্ল¬ায় জাতীয় দলের জন্য প্রেরণাদায়ক ম্যাচ খেলবে বলে মনে করছেন তিনি।
টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচের জন্য শনিবাার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দল: শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, রবিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, কামরুল ইসলাম রাব্বি, সোহাগ গাজী, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, জহুরুল ইসলাম, কামরুল ইসলাম, ফরহাদ রেজা ও নাদীফ চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১৫৮ ঘ.
bdnews24