২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বোলিংয়ের লাইন ঠিক না থাকলে মার খেতে হবে'

ভারতের মন্থর উইকেটে ইংল্যান্ডের বোলারদের নিখুঁত লাইন ও নিশানায় বল করতে হবে বলে মনে করছেন ফাস্ট বোলার টিম ব্রেসন্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের মন্থর উইকেটে ইংল্যান্ডের বোলারদের নিখুঁত লাইন ও নিশানায় বল করতে হবে বলে মনে করছেন ফাস্ট বোলার টিম ব্রেসন্যান। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে টেস্ট ও একদিনের খেলার সবগুলোতে হার মেনেছে ভারত। তারপরও ব্রেসন্যান বলছেন, ইংল্যান্ডের উইকেটের মতো পেসারদের সহায়তা করে না বলে ভারতে বল করা রীতিমতো একটা 'চ্যালেঞ্জ'। এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "ইংল্যান্ডের উইকেটে নতুন বলে আপনি সিম কাজে লাগাতে পারবেন। কিন্তু ভারতে সিম কাজে লাগানো খুবই কঠিন। একেবারে আলাদা উইকেট।" "তাই নতুন বলে আমাদের নিখুঁত লাইন ও নিশানার পাশাপাশি উইকেট বরাবর বল করতে হবে। নইলে মার খেতে হবে," বলেন ২৬ বছর বয়সী সিমার। তিনি বলেন, ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন (বিশ্রাম) ও স্টুয়ার্ট ব্রড (আহত) দলে না থাকলেও ভারতকে চাপে ফেলার মতো বোলার ইংল্যান্ডের আছে। ভারত সফরে ইংল্যান্ড পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। একদিনের সিরিজের প্রথম খেলা হবে ১৪ অক্টোবর হায়দরাবাদে। মূল খেলোয়াড়রা আহত থাকায় ভারতকে খর্ব শক্তির দল ঘোষণা করতে হয়েছে। তারপরও ব্রেসন্যান মনে করেন, ভারতের মাটিতে ভারতকে হারানো রীতিমতো একটা 'চ্যালেঞ্জ'। আহত থাকায় খেলতে পারছেন না শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, জহির খান ও মুনাফ প্যাটেল। আর দল থেকে বাদ পড়েছেন শান্তাকুমারন শ্রীশান্ত ও অফ-স্পিনার হরভজন সিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪৩ ঘ.