২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলের ভালো খেলার আশাবাদ

জয়ের সম্ভাবনা জাগিয়েও দ্বিতীয় টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ লাল দলের কাছে হেরে গেছে বাংলাদেশ সবুজ দল। সেজন্য হতাশ হলেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আসন্ন সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী মোহাম্মদ আশরাফুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়ের সম্ভাবনা জাগিয়েও দ্বিতীয় টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ লাল দলের কাছে হেরে গেছে বাংলাদেশ সবুজ দল। সেজন্য হতাশ হলেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আসন্ন সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী মোহাম্মদ আশরাফুল। বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচশেষে আশরাফুল বলেন, "জিম্বাবুয়ে থেকে ফেরার পর আমরা এ পর্যন্ত বিসিবি কাপ, চার দিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। এই ম্যাচগুলো খেলে আমাদের দলের প্রত্যেকে লাভবান হয়েছেন।" ১১ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ভালো করার ব্যাপারেও আশাবাদী আশরাফুল। তিনি বলেন, "যারা প্রস্তুতি ম্যাচগুলোতে রান পেয়েছেন এবং ভালো বল করেছেন তারা এখন যথেষ্ট আত্মবিশ্বাসী।" বৃহস্পতিবার লাল দলের কাছে হেরে যাওয়ার পেছনে নিজের এবং অলক কাপালীর আউটকেই দায়ী করছেন আশরাফুল। তিনি বলেন, "একটা সময় পর্যন্ত ম্যাচ আমাদের হাতেই ছিল। কিন্তু আমি একটা বাজে শট খেলে আউট হলাম আর তারপর অলকও বিদায় নিল। এর পরেই ম্যাচ আমাদের হাতছাড়া হয়ে যায়।" এই জায়গায় আরো উন্নতি করার সুযোগ আছে বলে মনে করেন আশরাফুল। তিনি বলেন, "আমার বল নির্বাচনটা ঠিক হয়নি।" তবে নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট বাংলাদেশের সাবেক অধিনায়ক। ভালো অবস্থানে থেকেও শেষ পর্যন্ত হেরে যাওয়ায় তিনি অবশ্য হতাশ। আশরাফুল বলেন, "আসলে আমরা এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে ঠিক অভ্যস্ত নই।" "গত বিশ্বকাপেও আজকের মতো পরিস্থিতিতে আমরা একটা ম্যাচ হেরে গিয়েছিলাম। ওই ম্যাচে শেষ ৮ ওভারে ২ উইকেটে ৫০ রান দরকার ছিল। কিন্তু আমরা জিততে পারিনি," যোগ করেন তিনি। তিনি বলেন, "আসলে টি-টোয়েন্টিতেই এ ধরনের পরিস্থিতি বেশি আসে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও এমন পরিস্থিতি আসতে পারে। তবে আশা করি তেমন কিছু হলে আমরা ম্যাচ বের করে আনতে পারবো।" আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে উদ্বোধনী জুটি অথবা এক জন উদ্বোধনী ব্যাটসম্যানের সাফল্য ভীষণ প্রয়োজন বলে মনে করেন আশরাফুল। তিনি বলেন, "আজ তামিম যেভাবে খেলেছে আন্তর্জাতিক ক্রিকেটে সেরকম ব্যাটিং খুবই জরুরী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৮ঘ.