২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিম-ঝড়ে লাল দলের জয়

তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ সবুজ দলকে ১২ রানে হারিয়েছে বাংলাদেশ লাল দল। বাংলাদেশের জন্য স্বস্তির খবর, রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল ও অলক কাপালী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ সবুজ দলকে ১২ রানে হারিয়েছে বাংলাদেশ লাল দল। বাংলাদেশের জন্য স্বস্তির খবর, রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল ও অলক কাপালী। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সবুজ দল। ব্যাট করতে নেমে তামিমের ৯০ রানের সুবাদে ৩ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে লাল দল। তামিমের ৫৩ বলের আক্রমণাত্মক ইনিংসটা সাজানো ৯ বাউন্ডারি ও ৩ ছক্কায়। তামিম ও ইমরুল কায়েস (১৮) ৪২ রানের উদ্বোধনী জুটি গড়ে ভালো সূচনা এনে দেন দলকে। এরপর দ্বিতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৭৫ রানের আরেকটি মূল্যবান জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান তামিম। ভারত থেকে চ্যাম্পিয়নস লিগ টি- টোয়েন্টি খেলে ফেরা সাকিব ৩৫ রান করেন ২৬ বলে। দলীয় ১১৭ রানে সাকিব বিদায় নিলেও তামিম ছিলেন অবিচল। তৃতীয় উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৫০ রান যোগ করে শাহাদাত হোসেনের বলে বোল্ড হয়ে যান তিনি। এরপর মুশফিক (১৭) আর বেশিক্ষণ টেকেননি। মাহমুদুল্লাহ রিয়াদ (৯) ও নাঈম ইসলাম ১ রানে অপরাজিত থাকেন। সবুজ দলের পক্ষে শাহাদাত হোসেন ২ উইকেট নেন ২৪ রানে। জবাবে অলক ও আশরাফুলের অর্ধশতকের পরও ৭ উইকেটে ১৬৭ রানের বেশি করতে পারেনি সবুজ দল। ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি সবুজ দলের। দলীয় ১৫ রানের মধ্যেই ফিরে আসেন জুনায়েদ সিদ্দিক (৪) ও অধিনায়ক শাহরিয়ার নাফীস (২)। তৃতীয় উইকেটে রকিবুল হাসান ও আশরাফুল ৪০ রানের জুটি গড়ে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু দলীয় ৬৫ রানে রকিবুল (১৯) সাকিবের বলে বোল্ড হয়ে গেলে আবার অস্বস্তিতে পড়ে যায় সবুজ দল। চতুর্থ উইকেটে আশরাফুল ও অলকের ৬৪ রানের জুটি অবশ্য তাদের স্বপ্ন দেখাচ্ছিলো। কিন্তু অর্ধশতকে পৌঁছানোর পরপরই আশরাফুল (৫১) বিদায় নিলে ঘুরে দাঁড়ায় লাল দল। আশরাফুলের ৩৬ বলের ইনিংসে ৫টি চার ও একটি ছক্কা। আশরাফুলের বিদায়ের সময় ৩০ বলে ৫১ রান প্রয়োজন ছিল সবুজ দলের। কিন্তু ১৪৩ রানে অলক (৫৫) ও মুমিনুল হক (০) আউট হয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। অলকের ৩৫ বলের আক্রমণাত্মক ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কা। লাল দলের পক্ষে ইলিয়াস সানি ৩ উইকেট নেন ৩৫ রানে। শফিউল ইসলামের ২ উইকেটের পেছনে খরচ ৩১ রান। প্রথম প্রস্তুতি ম্যাচে সবুজ দলের কাছে ৯ উইকেটে হেরেছিল লাল দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯০৭ঘ.