ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাম্প্রতিক সাফল্যের পরও খর্ব শক্তির ভারতের বিপক্ষে 'ফেভারিট'র তকমা গায়ে লাগিয়ে ইংল্যান্ড একদিনের সিরিজ শুরু করতে যাচ্ছে না বলে মনে করছেন অধিনায়ক অ্যালিস্টার কুক।
সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে চার টেস্টের সিরিজের সব খেলাতে হার মানে ভারত। এছাড়া পাঁচ ম্যাচের একদিনের সিরিজও জিতে নেয় ইংল্যান্ড।
কুক বলেন, "ইংল্যান্ডে যা ঘটেছে এবং ভারতে যা ঘটতে যাচ্ছে, এর মধ্যে আমি কোনো সম্পর্ক দেখছি না। দেশের মাটিতে ভারত ঐতিহাসিকভাবেই শক্তিশালী দল।"
ভারত সফরে ইংল্যান্ড পাঁচ ম্যাচের একদিনের সিরজ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
মূল খেলোয়াড়দের কয়েকজন আহত থাকায় ভারত প্রথম দুটো একদিনের খেলার জন্য খর্ব শক্তির দল ঘোষণা করতে বাধ্য হয়।
আহত থাকায় দলে নেই শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ ও যুবরাজ সিং, জহির খান ও মুনাফ প্যাটেল। আর দলে নেয়া হয়নি শান্তাকুমারন শ্রীশান্ত ও অফ-স্পিনার হরভজন সিংকে।
কিন্তু কুক বলছেন, "তারপরও আমাদের ওপর চাপ সৃষ্টি করার মতো ভালো বোলার ভারতের আছে।"
"তারা অনভিজ্ঞ হতে পারে। কিন্তু নিজেদের চেনা পরিবেশে তাদের অভিজ্ঞই বলা যেতে পারে। আর এটিই হলো আসল কথা," বলেন ইংল্যান্ড অধিনায়ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪২১ ঘ.
bdnews24