ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে নেয়া হয়েছে অলরাউন্ডার রায়ান ম্যাকলারেনকে। তিনি খেলবেন আহত অ্যালবি মরকেলের জায়গায়।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ১৩ অক্টোবর। দ্বিতীয়টি ১৬ তারিখে।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় পেটের মাংস পেশী ছিড়ে যায় মরকেলের। এ জন্য চার থেকে ছয় সপ্তাহ তাকে থাকতে হবে মাঠের বাইরে।
একই প্রতিযোগিতায় ওয়ারিয়র্সের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্ক বাউচার। ফলে গ্র"প পর্বের শেষ খেলায় মাঠে নামতে পারেননি তিনি। পুরো সুস্থ হয়ে উঠতে তার আট থেকে দশদিন লাগবে। এর অর্থ অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে তিনি খেলতে পারছেন। সিরিজের প্রথম খেলা হবে ১৯ অক্টোবর।
কুঁচকিতে চোট পাওয়ায় এ সপ্তাহান্তে ডলফিনের হয়ে সুপারস্পোর্ট সিরিজের খেলায় খেলবেন না লেগ-স্পিনার ইমরান তাহির। তার চোট গুরুতর কিছু নয়। পুর্ব-সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়। তবে একদিনের সিরিজে তাহিরের খেলা নিয়ে কোনো সংশয় নেই।
এরই মধ্যে দর্শক হয়ে গেছেন টি-টোয়েন্টি ও একদিনের দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরের এই খেলোয়াড় তার আঙ্গুল ভেঙ্গে ফেলেন দলের অন্যান্য সদস্যদের সঙ্গে অনুশীলনের সময়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১১ ঘ.
.
bdnews24