২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-ইংল্যান্ড সিরিজে 'হট স্পট' থাকছে না

ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজে 'হট স্পট' প্রযুক্তি ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন বিবিজি স্পোর্টসের প্রধান নির্বাহী ওয়ারেন ব্রেন্যান। একই সঙ্গে তিনি একথাও স্বীকার করেন যে ভারতের ইংল্যান্ড সফরে প্রযুক্তিটির কার্যকারিতা নিয়ে তিনি হতাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 06:36 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজে 'হট স্পট' প্রযুক্তি ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন বিবিজি স্পোর্টসের প্রধান নির্বাহী ওয়ারেন ব্রেন্যান। একই সঙ্গে তিনি একথাও স্বীকার করেন যে ভারতের ইংল্যান্ড সফরে প্রযুক্তিটির কার্যকারিতা নিয়ে তিনি হতাশ। অথচ এ বছরের প্রথম দিকে ভারতের মাটিতে 'হট স্পট' প্রযুক্তি ব্যবহার করার ব্যাপারে বিবিজি স্পোর্টস ও সে দেশের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি সমঝোতায় পৌঁছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও প্রযুক্তিটির ব্যবহার করার কথা। ভারতের ইংল্যান্ড সফরকালে কট-বিহাইন্ডের কয়েকটি আবেদনের ক্ষেত্রে 'হট স্পট' প্রযুক্তি ব্যবহার করে সূনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। এর পরপরই বিসিসিআই প্রযুক্তিটির তীব্র সমালোচনা করে। "ওই সফরে কয়েকটি আবেদনের ক্ষেত্রে প্রযুক্তিটি ব্যবহার করে আরো ভালো ফলাফল আশা করেছিলাম," প্রযুক্তিটির সরবরাহকারী প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা এক ই-মেইল বার্তায় বলেন, "হট স্পট ও ডিআরএস নিয়ে বিসিসিআই'র সভাপতি এন শ্রীনিভাসনের ২০ সেপ্টেম্বরের মন্তব্যের পর বিবিজি স্পোর্টসের মধ্যে এই বিশ্বাসই গড়ে ওঠে যে, প্রযুক্তিটির প্রতি ভারতীয় বোর্ডের সমর্থন নেই। তাই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে 'হট স্পট' প্রযুক্তি না নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।" বিসিসিআই'র সঙ্গে যোগাযোগ করে হলে তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২২ ঘ.