২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো প্রস্তুতি নিয়ে আসার দাবি ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ ভালো প্রস্তুতি নিয়ে এসেছে বলে দাবি করেছেন তাদের কোচ ওটিস গিবসন ও অধিনায়ক ড্যারেন স্যামি। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার এক সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ ভালো প্রস্তুতি নিয়ে এসেছে বলে দাবি করেছেন তাদের কোচ ওটিস গিবসন ও অধিনায়ক ড্যারেন স্যামি। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার এক সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন তারা। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলটি পুনর্গঠন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে বলে মনে করেন গিবসন। তিনি বলেন, "তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করার জন্যই এসেছেন। ভবিষ্যতে দল গড়তে তরুণ ও অভিজ্ঞ সব ক্রিকেটারকেই আমাদের প্রয়োজন হবে।" অবশ্য ক্রিস গেইলের অনুপস্থিতিকে তেমন গুরুত্ব দিতে রাজি নন ওয়েস্ট ইন্ডিজের কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, "ক্রিস গেইল না থাকায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এবং এই মুহূর্তে দল তার অভাব অনুভবও করছে না।" তিনি বলেন, "আমরা সংযুক্ত আরব আমিরাত থেকে ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। সেখানে আফগানিস্তান ও স্বাগতিক আমিরাতের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি। ঐ দুই দলেই বেশ কয়েক জন স্পিনার ছিলেন। তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবেই।" "বাংলাদেশ সম্পর্কে যথেষ্ট প্রস্তুতি নিয়েই এসেছি। বাংলাদেশ দলে তিন-চার জন বাঁহাতি স্পিনার থাকতে পারেন। এখানকার পিচ একটু ধীরগতির বলে স্পিনাররা বাড়তি সুবিধা পান" যোগ করেন গিবসন। গিবসনের দাবির প্রতিধ্বনি স্যামির কণ্ঠেও। তিনি বলেন, "আমরা প্রস্তুত হয়ে এসেছি আর নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে চাই।" "নিজেদের মাটিতে বাংলাদেশের সঙ্গে সর্বশেষ লড়াইয়ে আমরা টেস্ট ও ওয়ানডে দুটো সিরিজেই হেরেছিলাম। এবার বাংলাদেশে আমরা জিততে এসেছি। তবে ঘরের মাঠে বাংলাদেশ খুব শক্তিশালী দল। সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আমার ধারণা।" ২০০৯ সালে বাংলাদেশ অবশ্য ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের মুখোমুখি হয়েছিল। তবে ওই ব্যর্থতার কথা মনে থাকলেও প্রতিশোধের চিন্তা মনেই আনছেন না স্যামি। তিনি বলেন, "বাংলাদেশ সফরকে নিজেদের সেরা ক্রিকেট খেলার সুযোগ হিসেবেই দেখছি। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে। অবশ্য আমাদের একটিই লক্ষ্য। তা হলো জয়।" বিশ্বকাপে শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৫৮ রানে গুটিয়ে যাওয়ার লজ্জায় পড়েছিলো বাংলাদেশ। সেই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়েই এবারের সফরে ভালো খেলতে চান স্যামি। "৫৮ রানের পুনরাবৃত্তি করতে চাই। তবে ইচ্ছা করলেই কিন্তু প্রতিপক্ষকে এক শর কম রানে অলআউট করা যায় না," যোগ করেন তিনি। তিনি বলেন, "বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক সিরিজ জিতেছিলো বাংলাদেশ। তাই তাদের মোটেও হালকাভাবে নেয়ার উপায় নেই।" তবে তার দলের বোলারদের টেস্টে বাংলাদেশকে দুবার অলআউট করার ক্ষমতা আছে বলে মনে করছেন স্যামি। তার মতে দলের পেস ও স্পিন দুটো আক্রমণই বেশ ভারসাম্যপূর্ণ। যদিও আর সব ক্যারিবীয় অধিনায়কের মতো পেস আক্রমণকেই একটু এগিয়ে রাখছেন তিনি। তিনি বলেন, "একজন পেসার জোরে বল করতে পারলে যে কোনো পিচেই তার সাফল্য পাওয়ার কথা। আমাদের দলে এমন তিনজন পেসার রয়েছেন। সেই সঙ্গে স্পিন আক্রমণের নেতৃত্বে আছেন আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পাওয়া দেবেন্দ্র বিশু।" এই সিরিজের কোনো ম্যাচেই সিদ্ধান্ত পর্র্যালোচনা পদ্ধতি (ডিআরএস) থাকছে না। স্যামি অবশ্য মনে করেন ডিআরএস থাকলেই ভালো হতো। ওয়ানডেতে দুই প্রান্ত থেকে দুটো বল ব্যবহারের নতুন নিয়ম সম্পর্কে মন্তব্য করতে অবশ্য রাজি হননি। তবে আগের মতো তার দলের পেসাররা যে এবার রিভার্স সুইং পাবেন না তা জানিয়েছেন নির্দ্বিধায়। বাংলাদেশের নতুন অধিনায়ক মুশফিকুর রহিমের উচ্ছ্বসিত প্রশংসা করেন স্যামি। তিনি বলেন, "মুশফিক খুবই ভালো খেলোয়াড়। উইকেট রক্ষক হওয়ায় উইকেটের পেছনে দাঁড়িয়ে পুরো মাঠ দেখার সুযোগ পান তিনি। দলকে নেতৃত্ব দেয়ার সময় এটা তাকে বাড়তি সাহায্য করতে পারে।" এই সফরে একটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১৭ঘ.