২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ

এক মাসের সফরে মঙ্গলবার রাত ৮ টা ১৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দলের ১৮ জন সদস্য। বাংলাদেশে এটি ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 05:20 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক মাসের সফরে মঙ্গলবার রাত ৮ টা ১৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দলের ১৮ জন সদস্য। বাংলাদেশে এটি ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সফর। প্রথম দফায় আসা ১৮ জনের মধ্যে ১০ জন ক্রিকেটার ও ৮ জন কর্মকর্তা। বাকি চার ক্রিকেটার ও এক কর্মকর্তার ভারত থেকে দলের সঙ্গে যোগ দেয়ার কথা বুধবার। ভারতে চলমান চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে অংশ নেয়ার জন্যই তারা পরে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। বাংলাদেশে এসে বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক রিচি রিচার্ডসন। বিশ্বকাপে ড্যারেন স্যামির দলের বিপক্ষে ৫৮ রানে গুটিয়ে গিয়ে লজ্জাজনকভাবে হেরেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটা উঠলো। রিচার্ডসন অবশ্য সেটাকে 'বিচ্ছিন্ন' ঘটনা বলেই মনে করেন। তিনি বলেন, "৫৮ রানের ঘটনার প্রেক্ষাপট ছিলো ভিন্ন । আর এখন আমরা ভিন্ন প্রেক্ষাপটে সিরিজ খেলতে এসেছি। বাংলাদেশকে কোনো ভাবেই খাটো করে দেখার উপায় নেই। বাংলাদেশ যে কোনো সময় যে কোনো কিছু ঘটানোর ক্ষমতা রাখে।" এবারের সফর সম্পর্কে তিনি বলেন, "আমরা জানি বাংলাদেশ ঘরের মাঠে স্পিনে খুবই শক্তিশালী। আমরা এ ব্যাপারে যথেষ্ট প্রস্তুতি নিয়েই এসেছি।" সিরিজে লক্ষ্য সম্পর্কে রিচার্ডসন বলেন, "আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ জেতা। বুধবার সকালে অনুশীলন করবে আমাদের দল। আশা করি প্রথম দিনেই পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে।" "তারপর আমরা আমাদের সিরিজের পরিকল্পনা প্রণয়নে বৈঠকে বসবো," যোগ করেন তিনি। সফরে একটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১ অক্টোবর হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। একই মাঠে ১৩ ও ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম দুটি একদিনের ম্যাচ। ১৮ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ। একই মাঠে ২১ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ২৯ অক্টোবর থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২৪ঘ.