ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজকে ক্রিকেট-জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে মনে করছেন অলক কাপালী।
রোববার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সবুজ দলের অনুশীলনের সময় তিনি বলেন, "টি-টোয়েন্টিতে ভালো করতে পারলে হয়তো একদিনের সিরিজেও খেলার সুযোগ পাবো। সব মিলিয়ে এটাকে আমার জন্য একটা বড় পরীক্ষা বলতে পারেন।"
এক ধরনের অস্থিরতা কাজ করে বলেই টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো করছে না বলে মনে করেন কাপালী।
তিনি বলেন, "বিশ ওভার অনেক কম মনে করে আমরা শুরু থেকেই দ্রুত রান তুলতে চাই। কিন্তু আমি মনে করি দেখে-শুনে শুরু করা উচিৎ। এভাবে খেলে বিভিন্ন টুর্নামেন্টে আমি সাফল্যও পেয়েছি।"
"৫০ ওভারের ক্রিকেটের মতো ২০ ওভারের ক্রিকেটেও ওভারগুলোকে ভাগ করে নেয়া উচিৎ। ফিল্ডিং বাধ্যবাধকতা থাকায় প্রথম ছয় ওভারে একটু মেরে খেলতে হবে। আর রান তুলতে হবে শেষ ৬ ওভারে। মাঝের ৮ ওভারে এক দুইয়ের ওপরে খেলা উচিৎ। অবশ্য বেশি আক্রমণাত্মক হতে গিয়ে শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়ার আশঙ্কাও থাকে," যোগ করেন তিনি।
তিনি বলেন, "টি-টোয়েন্টিতে শেষ ৫/৬ ওভার সব সময়ই গুরুত্বপূর্ণ। অনেক সময় এই ওভারগুলোই খেলার ফলাফল নির্ধারক হয়ে দাঁড়ায়।"
শুধু অলক নয়, অনেকের জন্যই এই সিরিজ কঠিন পরীক্ষা। অনেকের আবার আগেই পরীক্ষা শুরু হয়ে গেছে। বিসিবি কাপ ও চার দিনের প্রস্তুতি ম্যাচে পরীক্ষা দিতে হয়েছে তাদের। দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি একদিনের প্রস্তুতি ম্যাচেও তাদের প্রমাণ করার অনেক কিছু আছে।
দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল। ম্যাচটি দিন-রাতের।
শক্তির বিচারে সবুজ দলের তুলনায় লাল দলকে একটু এগিয়েই রাখতে হবে। লাল দলের বোলিং আক্রমণ তুলনামূলকভাবে বেশী শক্তিশালী। তিন পেসার শফিউল ইসলাম, রুবেল হোসেন ও নাজমুল হোসেনের পাশাপাশি দুই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও ইলিয়াস সানি সবুজ দলের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষার সামনে দাঁড় করাতে পারেন।
ইমরুল কায়েস, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও নাঈম ইসলামকে নিয়ে গড়া লাল দলের ব্যাটিং লাইন আপও বেশ শক্তিশালী।
তবে সবুজ দলকেও হেলাফেলা করার উপায় নেই। শাহাদাত হোসেন, আলাউদ্দিন বাবু ও রবিউল ইসলামকে নিয়ে গড়া পেস আক্রমণকে সমীহ করতেই হবে। মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, শুভাগত হোম চৌধুরী, অলক কাপালী ও সগির হোসেনের মতো ব্যাটসম্যানরাও প্রতিপক্ষের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দেয়ার সামর্থ্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৩ঘ.
bdnews24