ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট খেলার স্বপ্ন দেখলেও আগে সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে চান ইলিয়াস সানি।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ লাল দলের অনুশীলন শেষে তিনি বলেন, "এখনো টেস্ট খেলা নিয়ে কিছু ভাবছি না। টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছি। আগে এখানে নিজেকে প্রমাণ করতে চাই।"
"নির্বাচকরা যোগ্য মনে করলে টেস্ট দলেও ডাকতে পারেন," যোগ করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া সানি নিজের সেরাটা ঢেলে দেয়ার প্রতিশ্র"তি দিচ্ছেন। মূলত বাঁহাতি স্পিনার হলেও তার ব্যাটিংয়ের হাতও বেশ ভালো। তবে আপাতত বোলিংকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি।
সানি বলেন, "ব্যাটিং নিয়ে তেমন ভাবছি না। আমার প্রধান কাজ ভালো বল করা। সেটাই করতে চাই। তবে সুযোগ এলে ব্যাট হাতেও ভালো করতে চাই।"
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের জন্য প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করেন সানি। তিনি বলেন, "ঘরোয়া ক্রিকেটে খেললেও এতো ভালো প্রস্তুতি নেয়া যেত না। কারণ ঘরোয়া প্রতিযোগিতাগুলোতে প্রত্যেক দলে জাতীয় দলের মাত্র দু-তিনজন করে খেলোয়াড় থাকে। তাই তেমন প্রতিদ্বন্দ্বিতা হয় না।"
"সে তুলনায় বিসিবি কাপ ও চার দিনের ম্যাচে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটা দারুণ কাজে আসবে," যোগ করেন তিনি।
জাতীয় দলের কোচ স্টুয়ার্ট ল'র অধীনে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ লাল দল রোববার সকাল নয়টা থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করে। বেলা ১২টা পর্যন্ত চলে তাদের অনুশীলন।
এরপর সারওয়ার ইমরানের অধীনে দুপুর দুটো থেকে একই মাঠে অনুশীলন করে বাংলাদেশ সবুজ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫২ঘ.
bdnews24